ছবি: ধ্রুব নিউজ
কৃষিতে রাসায়নিকের ক্ষতিকর প্রভাব কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সিডের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল 'টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার'।
ব্র্যাক সিডের স্থানীয় ডিলার সোহাগ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার আক্তারুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ খাদ্য উৎপাদন ও মানবস্বাস্থ্যের ঝুঁকি কমাতে জৈব বালাইনাশক বা বায়োপেস্টিসাইডের কোনো বিকল্প নেই। রাসায়নিক কীটনাশক সাময়িকভাবে পোকা দমন করলেও তা দীর্ঘমেয়াদে মাটি, পানি ও মানুষের শরীরের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে তেমনি কৃষকের উৎপাদন খরচও অনেকাংশে কমিয়ে আনা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন এবং ব্র্যাক সিডের টিএসও প্রান্ত বিশ্বাস। বক্তারা মাঠপর্যায়ে বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, এর কার্যকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।
নওয়াপাড়ায় আয়োজিত এই সচেতনতামূলক কর্মশালায় স্থানীয় এলাকার ৫২ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। আধুনিক ও পরিবেশবান্ধব এই কৃষিপ্রযুক্তি প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।