বেনাপোল (যশোর) প্রতিনিধি
সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ছবি: সংগৃহীত
যশোরের শার্শা উপজেলায় আটক সাংবাদিক আসাদুজ্জামান আসাদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (৮ জুন) শার্শা থানায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিডি নিউজের বেনাপোল প্রতিনিধি ও শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদকে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদেই মঙ্গলবার শার্শা উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা থানায় গিয়ে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। কিন্তু কোনো যাচাই-বাছাই ছাড়া এভাবে আটক করা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তারা আটক সাংবাদিক আসাদুজ্জামান আসাদের বিষয়ে দ্রুত ও ন্যায্য তদন্ত নিশ্চিত করার জোর দাবি জানান।