নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে মো. রুবেল হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুর রশিদকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত রুবেল হোসেন সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে। আর আহত কৃষক আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার আনুমানিক বেলা তিনটার দিকে চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠ থেকে কিশোর রুবেল বাড়ি ফিরছিল। একই সময় নিজের গরু নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক আব্দুর রশিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রুবেল হোসেন মারা যায়। আর আব্দুর রশিদ জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে থাকেন। পরবর্তীতে মাঠ থেকে ফেরার পথে এক পাওয়ার ট্রিলার চালক তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে রশিদের পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
আহত আব্দুর রশিদের ভাই হাবিবুর রহমান জানান, বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই শিপনের ছেলে রুবেলের মৃত্যু হয়। তার বড় ভাই আব্দুর রশিদকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।