নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে অরাজনৈতিক সংগঠন ‘বিপ্লবী ছাত্র জনতা’।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার বিকল্প নেই।
সমাবেশে উপস্থিত ছিলেন কর আইনজীবী এহসানুল হক সিয়াম, অ্যাডভোকেট জুলফিকার আলী, বিপ্লবী ছাত্র জনতার সভাপতি মাহমুদুল হক সোহান, শিক্ষার্থী মো. রাহুল, এনসিপির আব্দুল্লাহ আল নাদিম, মাদরাসা শিক্ষার্থী আজিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।