চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছা উপজেলা হাসপাতালের নতুন ডেন্টাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি। ছবি: ধ্রুব নিউজ
সরকারি হাসপাতালের কর্মী সংকট সমাধানে এগিয়ে এলেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। সংসদ সদস্য নিজে ২০ জনের বেতন দেবেন, বিএনপি ও জামায়াতের নেতারা ব্যক্তি উদ্যোগে দেবেন আরও ৩০ জনের বেতন। চৌগাছা হাসপাতালের সেবা কার্যক্রম সচল রাখতে আজ এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। সরকারি হাসপাতালের কর্মী সংকট মেটাতে এমন ব্যক্তি উদ্যোগের ঘটনাটি সত্যিই ব্যতিক্রম ও অনুকরণীয়।
আজ সোমবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভায় সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই ৫০ জন স্টাফ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ একাই ২০ জন স্টাফের বেতন-ভাতার দায়িত্ব নিয়েছেন। এমপি নির্বাচিত হলে নিজের ভাতার টাকা হাসপাতালের উন্নয়নে ব্যয় করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি সেটিই বাস্তবায়ন করছেন।
বাকি ৩০ জনের বেতন-ভাতার জোগান দেবেন স্থানীয় জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা। এর মধ্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ ১ জন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ১ জন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ১ জন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল ১ জন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ১ জন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী ১ জন স্টাফের দায়িত্ব নিয়েছেন। বাকি স্টাফদের খরচও একইভাবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হবে।
এদিকে আজ হাসপাতালের নতুন ডেন্টাল ইউনিটের উদ্বোধনকালে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এখানে রাজনীতির কোনো স্থান নেই। দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে চৌগাছা হাসপাতালের আমূল পরিবর্তন করা হবে, যেন সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পায়।
সমন্বয় সভায় হাসপাতালের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
ধ্রুব/এস.আই