বেনাপোল (যশোর) প্রতিনিধি
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি; নীরব ঘাতককে জয় করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ কর্মসূচি। আজ রোববার (১৭ মে) সকাল ১০টায় বেনাপোল কাস্টমস হাউসে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যশোর হার্ট ফাউন্ডেশন এবং ইটুডি ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি (e2D World School & University USA)-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাডাস-এর কার্ডিয়াক প্রজেক্টসের এডভাইজার, কার্ডিওলজির প্রফেসর এবং যশোর হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম. এ. রশীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। তবে নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক সচেতনতার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্য ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লাইফ মেম্বার ডা. এস. এম. হুমায়ুন কবীর এবং বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, হৃদরোগ ও আকস্মিক মৃত্যুর ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে হাতের কাছে প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে সিপিআর প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়া জরুরি।
এই সেমিনারে স্থানীয় চিকিৎসক, কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ব্যবহারিক সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকেরা জানান, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিল কাস্টমস হাউস, বেনাপোল এবং বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন।