নিজস্ব প্রতিবেদক
যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। ছবি: ধ্রুব নিউজ
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে এই মেলা চলবে।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির ধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এর আগে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলার প্রথম দিনে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মেলা প্রাঙ্গণ ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সেবাগ্রহীতা অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রফিকুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে রেভিনিউ ডেপুটি কালেক্টর বাসুদেব কুমার মালো, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় ভূমি বিষয়ক বিভিন্ন সেবা বুথ থেকে জনগণকে অনলাইনে ‘ল্যান্ড ডট গভ ডট বিডি’ (land.gov.bd) পোর্টালে নিবন্ধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, ই-পর্চা, মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে ডিসিআর ও ডাকযোগে খতিয়ান প্রাপ্তি এবং এলএ ক্ষতিপূরণের চেক গ্রহণসহ নানা সেবা দেওয়া হচ্ছে।
মেলার দ্বিতীয় দিন আগামীকাল ২০ মে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ভূমি সেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন জেলা প্রশাসকের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
মেলা চলাকালে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা, সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন তথ্যভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজকেরা জানান, জেলা সদর ছাড়াও জেলার সব উপজেলায় ভূমিসেবা বুথ স্থাপন করে নাগরিকদের একই ধরনের সেবা প্রদান করা হচ্ছে।