❒ আইটি পার্কে প্রশাসনিক হাব করার পরিকল্পনা
বিশেষ প্রতিবেদক
রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারি দপ্তরগুলোকে একই এলাকায় এনে একটি সমন্বিত প্রশাসনিক কেন্দ্র গড়ার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে যশোর জেলা প্রশাসন। মূলত জনভোগান্তি কমানো এবং সেবা প্রাপ্তি সহজতর করতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান।
সভায় জানানো হয়, যেসব সরকারি অফিসের নিজস্ব ভবন বা জায়গা নেই, সেগুলোকে একইস্থানে স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সমন্বিত এই কার্যালয় স্থাপনের জন্য শহরের প্রায় অব্যব্যহৃত বিশাল ‘যশোর আইটি পার্ক’ ও এর আবাসিক ভবনটিকে প্রাথমিক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে যারা সরেজমিনে পরিদর্শন করে কোন অফিসের জন্য কতটুকু স্থান প্রয়োজন, তা নির্ধারণ করে প্রতিবেদন দেবেন। এই প্রতিবেদনের ভিত্তিতে দ্রুতই মন্ত্রণালয় ও সচিবালয়ে যোগাযোগের মাধ্যমে অফিসগুলো স্থানান্তরের পদক্ষেপ নেবে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সভায় আরও আশ্বস্ত করে বলেন, যশোরে জ্বালানি তেলের কোনো রেশনিং পদ্ধতি থাকবে না। দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, তাই পেট্রোল বা ডিজেল সংগ্রহে কাউকে ভোগান্তি পোহাতে হবে না। তবে কোনো ফিলিং স্টেশন যদি কৃত্রিম সংকট তৈরি করে বা তেল মজুত করে গ্রাহককে ফিরিয়ে দেয়, তবে তাদের বিরুদ্ধে 'ম্যাসিভ' অভিযান চালানো হবে। প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ডের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন বর্ষায় শহরের জলাবদ্ধতা নিরসনে মুক্তেশ্বরী নদীর তলদেশ নিচু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। নদীর সংযোগস্থলে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক ভবন ও স্থাপনা উচ্ছেদে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। কেউ স্বেচ্ছায় সরে না গেলে আইন প্রয়োগ করে উচ্ছেদ করা হবে।
এছাড়া আসন্ন ঈদে যশোর-খুলনা মহাসড়কের যানজট নিরসনে সড়ক বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদ পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখা এবং সড়কের পাশে নির্মাণ সামগ্রী না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাতে মাইক্রোবাস বা প্রাইভেটকারে চলাচল পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো জরুরি সেবায় ১০২ বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে এবং ঈদে তাদের সকল কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সকল সরকারি-বেসরকারি অফিস ও এনজিওতে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কার্যালয় বা বাড়িতে লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধানকে জরিমানা বা জেলের মুখোমুখি হতে হবে। অভিযানের ছবি ও ভিডিও প্রতিবেদন জেলা প্রশাসনের কার্যালয়ে দাখিল করতে হবে।
রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েতসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।