নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসন কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ছবি: ধ্রুব নিউজ
‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’—এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ভোক্তাদের প্রতিকার পাওয়ার উপায় এবং পণ্য কেনাবেচায় ভোক্তা ও বিক্রেতার পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তারা বলেন, বাজারে নিরাপদ পণ্যের সরবরাহ নিশ্চিত করা না গেলে ভোক্তার আস্থা অর্জন সম্ভব নয়। তাই ভেজাল রোধ ও সঠিক ওজন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধারণ কুমার দাস। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে উপস্থাপিত প্রবন্ধ ও ভোক্তা অধিকার আইনের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।