নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ‘ভোজন বাড়ি রেস্তোরাঁ’ ও ‘আবরণ শপ’-এর সৌজন্যে সাত শতাধিক পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ‘ভোজন বাড়ি রেস্তোরাঁ’ ও ‘আবরণ শপ’-এর সৌজন্যে সাত শতাধিক পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
ইফতার বিতরণকালে ভোজন বাড়ি রেস্তোরাঁ ও আবরণ শপের স্বত্বাধিকারী সোহেল মাহমুদ বলেন, “আমার পরিবারের এবং আত্মীয়-স্বজন যারা পরলোকগমন করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের দেখাদেখি সমাজের আরও বিত্তবান মানুষ এভাবে অসহায়দের পাশে এসে দাঁড়াক। রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যখন কোনো অভাবী মানুষের মুখে হাসি দেখি, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজ আমরা ৭০০ মানুষের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।”
ইফতার বিতরণকালে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।