অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোর জেলার অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নে নির্বাচনী আমেজ তুঙ্গে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের মাগুরা ভোটকেন্দ্রের উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জিয়াডাঙ্গা, মাগুরা ও ধলিগাতী ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
আজ সোমবার বিকেলে মাগুরা আঞ্চলিক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি জিয়াডাঙ্গা ও ধলিগাতী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের আকাশনিনাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় প্রতীক ও ব্যান্তর নিয়ে সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করেন এবং সাধারণ মানুষের কাছে দলীয় ঐক্যের বার্তা পৌঁছে দেন।
মিছিলে স্থানীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রবিউল ইসলাম, অভয়নগর থানা ওলামা মাশায়েখ সহ-সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, ছাত্রনেতা ও যশোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রকিবুল ইসলাম এবং ১নং প্রেমবাগ ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি জুবায়ের আল মাহমুদ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমাদের এই সংগ্রাম। এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং জনগণের মুক্তি ও অধিকার আদায়ের লড়াই।
তারা আরও বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে। বক্তারা উপস্থিত জনগণের উদ্দেশ্যে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন। মিছিলটি ধলিগাতী মোড়ে এসে মোনাজাত ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।