আব্দুর রশীদ, চৌগাছা (যশোর)
মিছিলের অগ্রভাগে ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ ছবি: ধ্রুব নিউজ
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের সমর্থনে এক বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) চৌগাছায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ। তিনি তার বক্তব্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের প্রতি বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই।
সমাবেশের প্রধান আকর্ষণ যশোর-২ আসনের প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ উপস্থিত বিশাল জনসমুদ্রে তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা একটি ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। দুর্নীতিকে চিরতরে লাল কার্ড দেখিয়ে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
তিনি আরও যোগ করেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি চৌগাছা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। মিছিলের শুরুতে উপস্থিতির সংখ্যা সাধারণ থাকলেও মুহূর্তের মধ্যেই তা বিশাল জনসমুদ্রে রূপ নেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। মিছিলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী এই শোডাউনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই বিশাল জমায়েত ভোটের মাঠে দাঁড়িপাল্লার শক্তির জানান দিয়েছে।