নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গৃহীত ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠন। যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে এ আবেদন পাঠানো হয়েছে।
আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, ভবদহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও উত্তরণের কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার এবং ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব মো. আব্দুল লতিফ। এ ছাড়া আবেদনটির অনুলিপি খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ভবদহ জলাবদ্ধতা নিরসনের কথা বলে বৃহত্তর যশোরের যেসব এলাকা প্রকল্পে যুক্ত করা হয়েছে, তার সঙ্গে ভবদহ জলাবদ্ধতা সমস্যার কোনো সম্পর্ক নেই। অবাস্তব তথ্য দিয়ে সরকার ও জনগণকে বিভ্রান্ত করে প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ভবদহের সঙ্গে অন্য এলাকা যুক্ত না করে জলাবদ্ধতা সমাধানে আলাদা ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
আবেদনকারীদের মতে, ভবদহ অঞ্চলে সেচ প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়—এটি আগেই প্রমাণিত হয়েছে। মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইলসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল মোহনা পর্যন্ত পলি জমে ভরাট হয়ে যাওয়ায় ৬০টিরও বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার হয়েছে। নদী ও খাল সচল না করে জলাবদ্ধতার অবসান ঘটানো সম্ভব নয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, ২০২০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয় এবং ২০২১ সাল পর্যন্ত এ খাতে ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয় হয়; পরবর্তীতে এ ব্যয় আরও বাড়লেও সমস্যার সমাধান হয়নি, বরং ভবদহ স্লুইসগেট থেকে বারোয়াউড়িয়া মোহনা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদী পলি জমে ভরাট হয়ে গেছে। পাশাপাশি বিল কপালিয়ায় বিএডিসির ৩ ভেন্টে সেচ পাম্প চালুর উদ্যোগও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে। সরেজমিনে ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেটে ১৪টি এবং ৯ ভেন্ট স্লুইসগেটে ৬টি বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে একপাশের নদী থেকে পানি সেচে অপর পাশে ফেলার চিত্রও তুলে ধরা হয়েছে।
আবেদনে দাবি করা হয়, প্রস্তাবিত প্রকল্পে ভবদহ এলাকার ফসল উৎপাদনের যে বিবরণ দেওয়া হয়েছে, তা বাস্তবসম্মত নয়। বরং এই সেচ প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও বিপর্যয় আরও বেড়ে যশোর সেনানিবাস পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, বর্তমানে চলমান নদী খনন ও ভবদহের ২১ ভেন্ট ও ৯ ভেন্টের গেট সচল থাকায় উল্লেখযোগ্য পরিমাণ পানি নিষ্কাশিত হচ্ছে। এর পাশাপাশি বিলে বিলে জোয়ার আঁধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত ১৬ মে ২০২৬ যশোর শিল্পকলা একাডেমিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য ও ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল, সেটিই সমাধানের পথ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড নিয়োগকৃত আইডব্লিউএম গত সেপ্টেম্বরে যে চূড়ান্ত প্রস্তাবনা দিয়েছে, তা বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে আবেদনে।
আবেদনে অতীতের উদাহরণ টেনে বলা হয়, ১৯৯০ সালে বিল ডাকাতিয়া, ১৯৯৭ সালে বিল ভায়না, ২০০০ সালে বিল কেদারিয়া এবং ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম কার্যক্রম সফলভাবে কার্যকর হয়েছিল; বিশেষ করে ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম সফল করতে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
সব মিলিয়ে বিএডিসির প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ এলাকাকে বাদ দিয়ে জাতীয় কর্মশালায় গৃহীত টিআরএমসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন ভবদহ এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও বিভিন্ন নাগরিক কমিটির নেতারা।