ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আটক কবিরাজ আব্দুর রহমান ছবি: ধ্রুব নিউজ(ফাইল ছবি)
যশোরের ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে করা মামলায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার সন্তানের জৈবিক পিতা হিসেবে কারাবন্দী কবিরাজ মো. আব্দুর রহমানের (৬০) পরিচয় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরীক্ষায় পিতৃত্বের সম্ভাবনা পাওয়া গেছে ৯৯.৯৯ শতাংশ। মঙ্গলবার এ রিপোর্ট প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা।
কবিরাজ আব্দুর রহমান ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় রাজাপুর দক্ষিণ পাড়া নতুন মসজিদ পাড়া এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত। গত ১২ মে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঝিকরগাছা থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার (মামলা নম্বর ২১)। মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশালে তার জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ভুক্তভোগী তরুণীর মায়ের অভিযোগ, প্রতিবেশী কবিরাজ আব্দুর রহমান পান খাওয়ানোর ও টাকার প্রলোভন দেখিয়ে তার বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়ের শারীরিক পরিবর্তন দেখে গত অক্টোবর মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি; উল্টো গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
এরপর গত ১৮ মার্চ নাভারণ পল্লী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তরুণী একটি ছেলেসন্তানের জন্ম দেন।
অন্যদিকে, ঘটনার পর ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছিলেন আব্দুর রহমানের স্ত্রী। তার দাবি ছিল, প্রতিবন্ধী তরুণীর কথা বিশ্বাস করা যায় না এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমেই প্রকৃত সত্য জানা যাবে।
পরবর্তীতে আদালতের নির্দেশনা ও তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্টদের নমুনা সংগ্রহ করে ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটিতে পরীক্ষা করা হয়। ল্যাব কেস নম্বর ২৬-০২৬০০ এবং রিপোর্ট নম্বর ১ অনুযায়ী, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে স্বাক্ষরিত ডিএনএ অ্যানালাইসিস রিপোর্টে মো. আব্দুর রহমানকে শিশুটির জৈবিক পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটির পরীক্ষক ছিলেন মো. মহিমিনুল হাসান।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে পিতৃত্ব নিশ্চিত হওয়ার পর কারাবন্দী কবিরাজ আব্দুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।