নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
বাবাকে নানাভাবে ভুল বুঝিয়ে ও প্রবঞ্চনার মাধ্যমে সমস্ত সম্পত্তি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে দুই পুত্র কন্যার বিরুদ্ধে। শুধু তাই নয়, জন্মদাতা পিতাকে তারা ‘চাচা’ বলে সম্বোধন করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সদর উপজেলার আরবপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. রেজাউল করিমের অভিযোগ, তিনি যশোর শিক্ষা বোর্ডের সাবেক কর্মচারী। কর্মজীবনে অর্জিত অর্থ দিয়ে তিনি দুই তলা বিশিষ্ট বাড়ি নির্মাণসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেন। ছেলে কামরুজ্জামান (৪৫) ও কন্যা কাকলী খাতুনকে পড়াশোনা করানো ও বিয়ে দেওয়াসহ তাদের প্রতিষ্ঠিত করার যাবতীয় দায়িত্ব তিনি পালন করেছেন। এমনকি তাদের মাঠের ৫-৬ বিঘা জমিও লিখে দিয়েছিলেন, যা পরবর্তীতে তারা বিক্রি করে দেন।
এর পর সন্তানরা তাকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ও প্রবঞ্চনার আশ্রয় নিয়ে তার শেষ সম্বল দুই তলা বাড়িসহ বাকি জমিও লিখে নেন। সম্পত্তি লিখে নেওয়ার পরই তারা তার সাথে চরম দুর্ব্যবহার ও অমানবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস করছেন।
কিন্তু ছেলে-মেয়ে তার কোনো খোঁজখবর নেন না এবং কোনো ভরণপোষণও দেন না। শুধু তাই নয়, সন্তানরা এখন জন্মদাতা পিতাকে ‘চাচা’ বলে সম্বোধন করেন। এছাড়া তারা তার কাছ থেকে লিখে নেওয়া বাড়িটি বিক্রি করার চেষ্টা করছেন। তিনি নিষেধ করলেও তারা তার কথায় কোনো কর্ণপাত করছেন না। এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই পিতা।