আন্তর্জাতিক ডেস্ক
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের চূড়ান্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর এবং সিতি আক্তার। স্থানীয় সময় গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে এই দণ্ড কার্যকর করা হয় বলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পবিত্র মসজিদের ভেতরে অসামাজিক ও অনৈতিক কার্যে জড়িত থাকার দায়ে নিরাপত্তা বাহিনী হাতেনাতে ওই দুই বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে অপরাধ তদন্তকারী বিভাগ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নাম ও তথ্যসহ মামলাটি বিশেষ আদালতে পাঠায়।
মামলার বিচার কার্যক্রমে পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের মতো গুরুতর অপরাধ বিবেচনা করে বিচারক তাদের সর্বোচ্চ কঠোর শাস্তি দেওয়ার রায় দেন। আদালত তাদের দোষী সাব্যস্ত করে ‘তাজির’ বা বিচারকের বিচক্ষণ ক্ষমতা অনুযায়ী মৃত্যুদণ্ডের আদেশ দেন। উচ্চতর আদালত ও সংশ্লিষ্ট সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ নিম্ন আদালতের সেই রায় বহাল রাখার পর চূড়ান্তভাবে রাজকীয় ফরমান জারির মাধ্যমে এই সাজার বাস্তবায়ন নিশ্চিত করা হয়।
বিবৃতিতে সৌদি প্রশাসন স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, বিচার নিশ্চিতকরণ, দেশের নিরাপত্তা রক্ষা এবং পবিত্র ইবাদতখানাগুলোর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সরকার শরিয়াহ আইনের বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দেবে না। এ ধরনের অপরাধমূলক কিংবা ধর্মীয় পবিত্রতা বিনষ্টকারী কর্মকাণ্ডের সঙ্গে কেউ ভবিষ্যতে যুক্ত হলে তাকেও কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।