নিজস্ব প্রতিবেদক
আধুনিক শিক্ষার সঙ্গে পবিত্র কুরআনুল কারিমের হিফয কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার হিফয সবক সমাপন ও সবক প্রদান অনুষ্ঠান-২০২৬। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, যশোর শাখার উদ্যোগে মাদরাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল। প্রধান আলোচক ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা, বাংলাদেশের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোনাল ইনচার্জ হাফেয মাওলানা আ খ ম মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফয শুধু মুখস্থ করার বিষয় নয়; বরং কুরআনের শিক্ষা, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ নিজেদের জীবনে ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে তানযীমুল উম্মাহর শিক্ষা কার্যক্রম প্রশংসনীয়।
উল্লেখ্য, ২০২৬ শিক্ষাবর্ষে তানযীমুল উম্মাহর যশোর শাখা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছেন। আগামী ২৬ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁদের পাগড়ি পরিয়ে সম্মানিত করা হবে।