নিজস্ব প্রতিবেদক
স্ত্রীকে মারপিট করে জখমের অভিযোগে স্বামী তানজীব আল মামুনকে আটক করেছে যশোরের পুলিশ। মামুন পুরাতন কসবা পুলিশ লাইন টালিখোলা এলাকার নজরুল ইসলাম বাবুলের ছেলে।
তানজীব আল মামুনের স্ত্রী সোনিয়া খাতুনের মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৭ এপ্রিল মামুনের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আয়না (৭) ও নুসরাত জাহান (১৩) নামে দুটি সন্তান আছে। মামুন একজন নেশাগ্রস্ত ও খারাপ প্রকৃতির মানুষ। বিয়ের পর থেকে সে নানাভাবে তাকে নির্যাতন চালিয়ে আসছে। গত ১৩ অক্টোবর রাত ৮টার দিকে মামুন বাড়ি থাকাকালীন সাংসারিক বিষয় নিয়ে বিরোধ করে। সে সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর তার নাকে-মুখে কিল-ঘুষি মারে। একপর্যায়ে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মামুন বাড়ি থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় মামলা করেন।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান জানান, বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে তাকে বাড়ি থেকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।