Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফুটপাতে শিশুর দুধ গরম করতে দেখে খেপলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০২:০৪ পিএম
ফুটপাতে শিশুর দুধ গরম করতে দেখে খেপলেন মন্ত্রী

ছবি: সংগৃহীত

কলকাতা শহরের ফুটপাতে এক ছিন্নমূলের শিশুর জন্য দুধ গরম করা দেখে ক্ষেপে গেলেন বিজেপি সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে।

অন্যদিকে, শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পালের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করে অভিযান পরিচালনায় ‘মানবিক মুখ’ দেখার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

গতকাল রোববার আসানসোলে এক খেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘ফুটপাতে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করা বা ছয় মাসের বাচ্চাকে ব্যস্ত রাস্তার পাশে ফেলে রাখা চরম বিপজ্জনক। আজ কোনো দুর্ঘটনা ঘটলে এই বিরোধীরাই সরকারের ঘাড়ে দোষ চাপাত।’

তিনি আরও যোগ করেন, ‘বাচ্চার দুধ ফুটুক বা খিচুড়ি কিংবা পকোড়া ভাজা হোক—পথচারীদের হাঁটার জায়গায় এসব কোনোভাবেই বরদাশত করা হবে না।’

অতীতে বামফ্রন্ট সরকারের আমলের হকার উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ টেনে মন্ত্রী প্রশ্ন তোলেন, ‘অপারেশন সানশাইনের সময় সিপিএমের মানবিক মুখ কোথায় ছিল?’

অভিযোগ তুলে তিনি বলেন, বহু বছর ধরে বেআইনি দখলদারি ও তোলাবাজির কারণে শহর স্তব্ধ হয়ে রয়েছে। তাঁর সরকারের লক্ষ্য শহরকে যানজটমুক্ত করা ও আধুনিক অনলাইন পার্কিং ব্যবস্থা চালু করা, অথচ বিরোধীরা এ নিয়ে ‘সস্তা রাজনীতি’ করছে।

ঘটনার সূত্রপাত ও ভাইরাল ভিডিও
বিতর্কের সূচনা হয় গত শনিবার। ফ্রি স্কুল স্ট্রিপ ও পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাত জবরদখলমুক্ত করার অভিযানে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক বৃদ্ধাকে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে দেখেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মন্ত্রী কারণ জানতে চাইলে ওই নারী জানান তিনি শিশুর জন্য দুধ গরম করছেন। জবাবে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাতে এসব সংসার পাতা চলবে না। তাকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী জানতে চান, ‘কী করছেন?’ ওই নারী বলেন, ‘বাচ্চার দুধ গরম করছি’। এরপরই রীতিমতো ক্ষেপে ওঠেন মন্ত্রী, বলেন, ‘বাড়িতে নিয়ে যান। এখানে দুধ গরম কেন? ফুটপাতে বাচ্চার দুধ গরম হবে! কোথায় থাকেন আপনারা? সংসার পাতা হয়েছে! সংসার পাতার জায়গা! কে অধিকার দিয়েছে সংসার পাতার?’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর নতুন করে রাজনৈতিক তর্কের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ভিডিওটি তিনি এখনো দেখেননি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলবেন।

গতকাল রোববার বিতর্কিত ওই স্থানে গিয়ে ভুক্তভোগী মহিলার সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এবং উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত, তবে এই ধরনের প্রক্রিয়ায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।

কুণাল ঘোষ বলেন, ‘বাচ্চা নিয়ে কেউ শখ করে বা স্বেচ্ছায় ফুটপাতে থাকে না। চরম আর্থসামাজিক পরিস্থিতির কারণেই মানুষ বাধ্য হয়। উন্নত সমাজ ও পশ্চিমা দেশগুলোতেও গৃহহীন মানুষ দেখা যায়। সম্পূর্ণ বিষয়টিতে বুলডোজার ও পুলিশ দিয়ে সমাধানের বদলে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত।’

ওই নারী তাঁকে জানিয়েছেন যে পুলিশ তাঁকে সেখান থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে, অন্যথায় ‘মেরে তুলে দেবে’ বলে হুমকি দিয়েছে।

ফুটপাত মুক্ত করার এই অভিযানের ধরন এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক বাগ্‌যুদ্ধ অব্যাহত রয়েছে।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)