Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ইরান-ইসরায়েল যুদ্ধ

ঈদগাহের পরিবর্তে মসজিদে নির্লিপ্ত ঈদের জামায়াত মধ্যপ্রাচ্যে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ,২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : শুক্রবার, ২০ মার্চ,২০২৬, ০৫:৪১ পিএম
ঈদগাহের পরিবর্তে মসজিদে নির্লিপ্ত ঈদের জামায়াত মধ্যপ্রাচ্যে

সংযুক্ত আরব আমিরাতের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসুল্লিরা। ছবি: রয়টার্স

যুদ্ধের কারণে এ বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও ভ্রমণে বিঘ্ন উৎসবের আমেজকে ধূসর করে দিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ছে, এর ফলে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওই অঞ্চলের মুসলিম প্রধান দেশগুলোতে শুরু হওয়া সবচেয়ে বড় ছুটির দিনগুলোর আনন্দ, উৎসব অস্বাভাবিরকম ম্লান হয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের আকাশে এখন তীব্র শব্দে ধেয়ে চলছে ফাইটার জেট, ছুটে যাচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এয়ার ডিফেন্স ব্যবস্থাগুলো তারস্বরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে চলেছে। আতঙ্কের এই পরিবেশেই এসেছে ঈদুল ফিতর।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী জর্ডানের নাগরিক হাশিম আল দাওয়াজা (২৮) দক্ষিণ কোরিয়ার সবচেয়ে পুরনো এবং অন্যতম প্রভাবশালী দৈনিক সংবাদপত্র চোসুনকে বলেছেন, “বছরের এই সময়টিতে ক্যাফে ও রেস্তোরাঁগুলো সাধারণত উৎসবের আমেজে উপচে থাকে, কিন্তু এ বছর লোকজন বাইরে তেমন একটা বের হচ্ছে না, ফলে আনন্দের আবহ ম্লান হয়ে গেছে ও সবকিছু নিস্তব্ধ লাগছে।”

মাসব্যাপী রমজানের উপবাসের পর মজাদার খাবার আর ব্যাপক আনন্দের উপলক্ষ্য হয়ে আসে ঈদুল ফিতর। পুরো বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে এই ঈদের ছুটিকে সবচেয়ে উল্লেখযোগ্য বলে বিবেচনা করা হয়। কিন্তু এ বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধের কারণে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও ভ্রমণে বিঘ্ন উৎসবের আমেজকে ধূসর করে দিয়েছে। কেউ কেউ এমনও বলছেন, “ছুটি ও আনন্দের কোনো পরিবেশই নেই।”

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ঈদের এই সময়েও ওই অঞ্চলের মুসলিম দেশগুলোতে প্রায় স্তব্ধ পরিবেশ বিরাজ করছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসার্ট, খেলা ও বাইরে গান বাজানোসহ সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে। ঈদের দিন ভোরে কুয়েতের বেশ কয়েকটি তেল পরিশোধনাগার ও স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

তবে এই আতঙ্কের আবহের মধ্যেই দেশগুলোর মুসল্লিরা শুক্রবার মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক ছবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক মসজিদে মুসুল্লিদের ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে। ঈদ উপলক্ষ্যে বাদশা সালমান দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বাণী দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন মসজিদে হাজার হাজার মুসুল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করে ঐক্য প্রদর্শন করেছেন।

এবার দেশটিতে ঈদের কোনো নামাজ খোলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল যে এবার ঈদের সব জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হবে।

ঈদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ১৯ থেকে ২৩ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান শুক্রবার ঈদ উপলক্ষ্যে ঐক্য ও সংহতির বার্তা দিয়েছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তুরস্কের উত্তরাঞ্চলীয় রিজো প্রদেশের গুনেইসু জেলার মারকেজ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে এরদোয়ান বলেন, রমজানের পর ঈদের আগমণ মুসলিম বিশ্বের ‘নবায়নের একটি মুহূর্ত’ হিসেবে কাজ করা উচিত।

তিনি বলেন, “আমরা পবিত্র রমজান মাস পার হয়ে এসেছি আর আজ ঈদ। আল্লাহ এই ঈদুল ফিতরকে মুসলিম বিশ্বের পরিত্রাণ ও পুনরুজ্জীবনের উপলক্ষ্যে পরিণত করুণ।”

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ‘ফুটছে’ উল্লেখ করে এরদোয়ান বলেন, “জায়নবাদী ইসরায়েল শত শত ও হাজার হাজার মানুষকে হত্যা করছে। তাদের এর মূল্য চুকাতে হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সহায় হোন।”

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)