Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নেপালে পুরোনো শক্তির পতন, জেন-জির জয়

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৭ মার্চ,২০২৬, ০৭:১৪ এ এম
নেপালে পুরোনো শক্তির পতন, জেন-জির জয়

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তরুণ নেতা বালেন্দ্র শাহ ছবি: সংগৃহীত

হিমালয়কন্যা নেপালে তুমুল গণআন্দোলনের মুখে কে পি শর্মা ওলি সরকারের পতনের পর দেশটিতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে আছে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া জেন-জি প্রজন্মের প্রতিনিধিদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দলটির এই জয়গানে নেতৃত্বে আছেন র‍্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন। ভোটের প্রাথমিক ফলই বলে দিচ্ছে বালেন্দ্রই বসতে যাচ্ছেন নেপালের মসনদে।      

নেপালের প্রভাবশালী দৈনিক দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, প্রাথমিক ভোট গণনায় দেশটির সাতটি প্রদেশের প্রতিটিতেই আরএসপি প্রার্থীরা এগিয়ে আছেন। পার্লামেন্টের ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচনে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৩৫টি আসনের ফলাফলে দেখা যায়, আরএসপি প্রার্থীরা একটি আসনে জয়ী ও ৯৬ আসনে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। নেপালের সবচেয়ে পুরোনো দল গগন থাপার নেপালি কংগ্রেস একটিতে জয়ী ও এগিয়ে আছে ১১টি আসনে। অন্যদিকে গত সেপ্টেম্বরে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) এগিয়ে আছে ১০টি আসনে। একইভাবে নেপালি কমিউনিস্ট পার্টি এগিয়ে আছে ৯টি আসনে। বাকি আসনগুলোতে এগিয়ে আছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। 

হিমালয়ান টাইমস জানায়, সাত প্রদেশের অধিকাংশ আসনে জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরএসপি প্রার্থীরা অনেক বেশি ভোট পাচ্ছেন। দেশটির ঝাপা জেলার ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে ভোট করেছেন আরএসপি নেতা বালেন্দ্র। সেখানেও ওলির চেয়ে বালেন্দ্র বিপুল ভোটে এগিয়ে আছেন। একইভাবে চিতওয়ান-২ আসনে আরএসপি সভাপতি রবি লামিছানে এবং চিতওয়ান-৩ আসনে সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কমিউনিস্ট পার্টির সমন্বয়কারী পুষ্প কমল দহলের মেয়ে রেণু দহলের বিরুদ্ধে এগিয়ে আছেন সোবিতা গৌতম।

কে এই বালেন্দ্র শাহ
রয়টার্সের তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ নির্বাচনী প্রচারের সময় থেকেই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। পূর্ব অনুমান অনুযায়ী, তিনিই এখন চমক দেখাচ্ছেন। বালেন্দ্র বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডুর ১৫তম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কাঠমান্ডুর মেয়র হিসেবে নির্বাচিত প্রথম স্বতন্ত্র প্রার্থীও। গত বছরের সেপ্টেম্বরে গণআন্দোলনের সময় থেকেই তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর মধ্যে একজন বালেন্দ্র। সামাজিক মাধ্যমেও তিনি দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। 

ইনস্টাগ্রামে বালেনের অনুসারী আট লাখেরও বেশি, এক্সে প্রায় চার লাখ। সামাজিক মাধ্যমে এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে নিয়মিত দুর্নীতিবিরোধী আন্দোলনের পক্ষে কণ্ঠ তুলে ধরেন। পেশায় ইঞ্জিনিয়ার হলেও র‌্যাপ গায়ক হিসেবেও তিনি জনপ্রিয়। ২০২০ সালে প্রকাশিত তাঁর ‘বলিদান’ গানটি দুর্নীতি, সামাজিক অবিচার এবং শাসনব্যবস্থার ব্যর্থতার সমালোচনা করে তুমুল আলোচিত হয়েছিল। গানটি ইউটিউবে এক কোটি সাতাশ লাখেরও বেশি বার দেখা হয়েছে। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)