চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে যশোরের চৌগাছায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসানুল মিজান রুমী। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা অংশগ্রহণ করেন।
সভায় কমিউনিটি ক্লিনিকগুলোর নিয়মিত কার্যক্রম পর্যালোচনা, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিকতাপূর্ণ আচরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, ক্লিনিকগুলোর দৈনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা, রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং জটিল রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসানুল মিজান রুমী তাঁর বক্তব্যে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অন্যতম প্রধান ভরসাস্থল হলো কমিউনিটি ক্লিনিক। নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা সহজে পৌঁছে দেওয়া সম্ভব।
সভা শেষে স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা সাপেক্ষে উপস্থিত সিএইচসিপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।