বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে মালামাল লোডের সময় দুর্ঘটনা, শ্রমিক আহত ছবি: এআই প্রণীত
যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ভারী যন্ত্রাংশ পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বন্দরের ৯ নম্বর সেডের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আওতাধীন এলাকায় কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বন্দরের ৯ নম্বর সেডে ফর্কলিফটের মাধ্যমে একটি ট্রাকে ‘ফিল্ম’জাতীয় পণ্য লোড করা হচ্ছিল। এ সময় মালামাল ওঠানোর একপর্যায়ে ভারী একটি যন্ত্রাংশ ফর্কলিফট থেকে স্লিপ করে আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। তাঁরা আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তাঁর শারীরিক অবস্থা গুরুতর। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”
চিকিৎসক সূত্রে জানা গেছে, বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় আক্তারুল ইসলামের শরীরে গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় বেনাপোল বন্দরে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পণ্য ওঠানো-নামানোর সময় ভারী যন্ত্রপাতি ব্যবহারে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শ্রমিকেরা। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।