বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং কিশোরীদের স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং কিশোরীদের স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ এবং উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উম্মে হানী। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে স্বাস্থ্যসচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলার শিকড়ী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় ৮৬ জন কিশোরী শিক্ষার্থীকে নিয়ে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, পুষ্টি, মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সুস্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনার শেষে অংশগ্রহণকারী ৮৬ জন কিশোরী শিক্ষার্থীর প্রত্যেককে বিনামূল্যে একটি করে স্যানিটারি প্যাড এবং ১৫টি করে আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।