Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুই বছর ধরে প্রায় বন্ধ ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৭:১৫ এ এম
দুই বছর ধরে প্রায় বন্ধ ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ

ছবি: সংগৃহীত

ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক জটিলতার কারণে প্রায় দুই বছর ধরে দেশের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধের মজুদ ফুরিয়ে যাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে সেবাগ্রহীতাদের। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সরকারি বিনামূল্যের এই সেবার ওপর নির্ভরশীল দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।

​তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি (এইচপিএনএসপি) শেষ হওয়ার পর থেকেই পরিবার পরিকল্পনা সামগ্রীর এই সংকট দানা বাঁধতে শুরু করে। এই কর্মসূচির মাধ্যমেই মূলত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ কেনা হতো। পরবর্তীতে বিকল্প ব্যবস্থায় কেনাকাটা শুরু করতে দীর্ঘ সময় লাগায় সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়। সংকট মোকাবেলায় ২০২৫ সালের মার্চে অন্তর্বর্তী সরকার আগের কর্মসূচি বাতিল করে পৃথক প্রকল্প হাতে নেয়। ওই বছরের নভেম্বরে প্রকল্পটি অনুমোদিত হলেও তহবিল ছাড় হতে চলতি বছরের এপ্রিল গড়ায়। এই দীর্ঘ প্রক্রিয়ার জেরে ২০২৬ সালের জানুয়ারি নাগাদ অধিকাংশ জন্মনিয়ন্ত্রণ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ আশঙ্কাজনক হারে কমে যায়।

​পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ডিজিএফপি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে যেখানে ৯৯ লাখ ২৪ হাজার কনডম, ৭২ লাখ ৩৫ হাজার খাওয়ার বড়ি এবং সাড়ে ৯ লাখ ইনজেকটেবল বিতরণ করা হয়েছিল, ২০২৪ সালের জুনে তা কমে যথাক্রমে ৬৫ লাখ ৭৭ হাজার, ৩৩ লাখ ২৬ হাজার এবং ২২ হাজার ৭১৮টিতে নেমে আসে। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে সরবরাহের চিত্র আরও শোচনীয় হয়ে পড়ে; ওই মাসে মাত্র ৭ লাখ ৫৪ হাজার কনডম, ২১ লাখ ৯৬ হাজার খাওয়ার বড়ি এবং ৪ লাখ ৮২ হাজার ইনজেকটেবল সরবরাহ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আইইউডি ও ইমপ্লান্টের সরবরাহও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

​মাঠ পর্যায়ের চিত্রও বেশ উদ্বেগজনক। চাঁদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার পরিবার পরিকল্পনা বিভাগ জানিয়েছে, দুই বছর ধরে চলা এই সংকটের কারণে নিয়মিত সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাঝে মাঝে কিছু চালান আসলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে চাঁদপুর সদরের সাধারণ সেবাগ্রহীতা সাহেদ শেখের মতো অনেক দম্পতিই প্রয়োজনীয় সহায়তা বা সামগ্রী না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

​জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সংকট দীর্ঘায়িত হলে অনিচ্ছাকৃত গর্ভধারণের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়া নিরাপদ মাতৃত্ব, নবজাতকের স্বাস্থ্য এবং দুই সন্তানের জন্মদানের মধ্যবর্তী কাঙ্ক্ষিত ব্যবধান বজায় রাখা চরম হুমকির মুখে পড়বে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন এ বিষয়ে বলেন, বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে সরকারকে নিজস্ব অর্থায়ন ও কঠোর নজরদারির মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে, অন্যথায় জনসংখ্যা ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

​সার্বিক বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) শাহ মো. নূর জানান, দীর্ঘদিন ক্রয় কার্যক্রম বন্ধ থাকলেও ইতিমধ্যে জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী ডিসেম্বর নাগাদ নতুন সরবরাহ শুরু হতে পারে। তবে প্রাথমিক চিকিৎসার ২২ ধরনের ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী সরবরাহ শুরুর সুনির্দিষ্ট সময় তিনি জানাতে পারেননি; যদিও এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)