Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জেমস বন্ডের গুপ্তচর স্টাইল বাস্তবে কী সম্ভব

ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১২:২৪ পিএম
জেমস বন্ডের গুপ্তচর স্টাইল বাস্তবে কী সম্ভব

বিভিন্ন সিনেমায় দেখা জেমসবন্ড চরিত্র ছবি: সংগৃহীত

স্মোকিং স্যুট, হাতে মার্টিনির গ্লাস। আর মুখে অবলীলায় উচ্চারণ—মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড। পর্দা কাঁপানো এ স্পাই হিরো কোনো ছদ্মবেশ না নিয়ে সরাসরি কুখ্যাত সব সন্ত্রাসীদের আস্তানায় হানা দেয়; আর নিজের আসল পরিচয় তুলে ধরে। দৃশ্যটা রোমাঞ্চকর হলেও কপালে চিন্তার ভাঁজ পড়ার মতোই। আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির ইতিহাসে এমন প্রকাশ্য আত্মপ্রচার নির্ঘাত রূপকথা। তাহলে প্রশ্ন তো এটাই— রূপালি পর্দা ও সাহিত্যজগতের এই অদ্ভুত সাহসিকতা বাস্তবসম্মত না হলেও কেন এমনটাই দেখানো হয়?

বই ও সিনেমায় প্রকাশ্য আত্মপ্রকাশ

১৯৫৩ সালে প্রকাশ হয় ইয়ান ফ্লেমিংয়ের প্রথম উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’। যেখানে জেমস বন্ডকে এক ক্যাসিনোয় কোনো ভুয়া নাম বা ছদ্মবেশ ছাড়াই হাজির হতে দেখা যায়। শত্রু ল্য শিফ্রের মুখোমুখি দাঁড়িয়ে নিজের আসল পরিচয়ই ব্যবহার করে। ২০০৬ সালের একই নামের চলচ্চিত্রেও বন্ড ক্যাসিনোর রেজিস্টারে নিজের নাম ‘জেমস বন্ড’ হিসেবেই সই করে। ১৯৬৪ সালের বিখ্যাত সিনেমা ‘গোল্ডফিঙ্গার’-এ অরিক গোল্ডফিঙ্গারের গলফ ক্লাবে গিয়ে নিজের পরিচয় দিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়ে। আর তার গোপন পরিচয়ের সবচেয়ে বিখ্যাত অংশটাই আসলে গোপন নয়— ০০৭!
১৯৬২ সালে মার্কিন সাময়িকী দ্য নিউ ইয়ার্কারে দেয়া সাক্ষাৎকারে ইয়ান ফ্লেমিং বলেছিলেন, তিনি এমন একটি নাম চেয়েছিলেন যা শুনলে খুব সাধারণ এবং বিরক্তিকর মনে হয়। পরে বিখ্যাত পাখি পর্যবেক্ষক ড. জেমস বন্ডের লেখা ‘বার্ডস অব দ্য ওয়েস্ট ইন্ডিজ’ বই থেকে নামটি ধার করেন

কল্পনা আর বাস্তবের তফাৎ

পর্দার জেমস বন্ড লেটেস্ট মডেলের অ্যাস্টন মার্টিন হাঁকিয়ে, কোটি টাকার স্যুট পরে ক্যাসিনোয় ঝড় তোলে। আর বাস্তবের গুপ্তচরবৃত্তির পৃথিবীটা চরম ধূসর ও নিঃশব্দ। বাস্তব জগতের একজন স্পাইয়ের মূল কাজই হলো ‘অদৃশ্য’ থাকা। গুপ্তচর জগতে যাকে বলা হয় ‘দ্য গ্রে ম্যান থিওরি’। অর্থাৎ জনসমুদ্রে এমনভাবে মিশে থাকা যেন কেউ দ্বিতীয়বার ফিরেও না তাকায়। দামি ব্র্যান্ডের পোশাক বা উচ্চকণ্ঠের তো দূর— বাস্তবের স্পাই যদি জনসমক্ষে সাধারণের চেয়ে সামান্য বেশি আকর্ষণীয় বা কৌতূহলোদ্দীপক কিছু করে, তবে সেই মুহূর্তেই তার মিশনের ইতি ঘটে।

বাস্তব গুপ্তচরবৃত্তিতে বন্ডের মতো যত্রতত্র ‘লাইসেন্স টু কিল’ বা গুলি চালিয়ে মানুষ মারার কোনো সুযোগ নেই। সিআইএ, এমআই৬ বা মোসাদের মতো গোয়েন্দা সংস্থায় কোনো এজেন্ট যদি একবার ফায়ারও করে, তবে তা ব্যর্থতা হিসেবে ধরা হয়। কেন?

গুলি মানেই নিজের উপস্থিতি ও পরিচয় ফাঁস করে দেয়া। পর্দায় বন্ড ক্যাসিনোর টেবিলে বসে সরাসরি তথ্য চুরি করে, বাস্তবে স্পাইরা পেছনের সারিতে থেকে স্থানীয় সোর্সদের পরিচালনা করেন। তাদের জীবন ড্রামাটিক অ্যাকশনে ভরা নয়, বরং চরম মানসিক চাপ, একাকীত্ব এবং গোপনীয়তায় ভরপুর এক নিরবচ্ছিন্ন সাধনা।

এমআই৬-এর সাবেক প্রধান স্যার রিচার্ড ডিয়ারলাভ এবং অনেক গোয়েন্দা ইতিহাসবিদরা জেমস বন্ডের ‘ছদ্মবেশ না নেয়া’ ও প্রকাশ্যে পরিচয় দেয়াকে কঠোর বাস্তবতার চোখে হাস্যকর হিসেবে মূল্যায়ন করেছেন। তবে স্বীকার করে নেন— এটি দারুণ একটি রিক্রুটমেন্ট ও ব্র্যান্ডিং টুল।

ডিয়ারলাভের মতে, বাস্তব গোয়েন্দাবৃত্তির প্রথম শর্তই হলো গোপনীয়তা ও বেনামে থাকা। কোনো এজেন্ট যদি ক্যাসিনোয় বা শত্রুভাবাপন্ন দেশে গিয়ে আসল নাম ও পদবি বলে হাঁকডাক দেয়, তবে পেশাগত পরিভাষায় সে ইনস্ট্যান্ট কম্প্রমাইজড বা তাৎক্ষণিকভাবে ফাঁস হয়ে যাওয়া এজেন্ট। বাস্তব জীবনে এমনটা করলে প্রথম দিনেই তাকে হয় গ্রেফতার, না হয় বরখাস্ত করা হতো।

নাইজেল ওয়েস্ট বা হেনরি হেমিংয়ের মতো গোয়েন্দা ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, ইয়ান ফ্লেমিং বন্ড চরিত্রটি তৈরির সময় গুপ্তচরদের দুটি ধরনকে একত্রিত করেছেন। কেভার্ট ইন্টেলিজেন্স অফিসার, যার কাজ তথ্য সংগ্রহ এবং কমব্যাট বা অ্যাসাসিন, যার কাজ অ্যাকশন—এই দুটিকে একসঙ্গে মিলিয়ে ফেলেছেন। অর্থাৎ বন্ডের মধ্যে এমন কয়েকটি আলাদা গোয়েন্দা ও গোপন-অভিযানভিত্তিক ভূমিকার বৈশিষ্ট্য একত্র করেছিলেন ফ্লেমিং, যেগুলো বাস্তবে অনেক সময় আলাদা ব্যক্তি বা দলের দায়িত্ব। আর বন্ড যেভাবে নিজের নাম বলে শত্রুকে উসকানি দেয়, তা কোনো স্পাইয়ের কাজ হতে পারে না; তা বড়জোর কোনো কমান্ডো বা ভাড়াটে ঘাতকের আচরণ হতে পারে।

রিচার্ড ডিয়ারলাভ এক সংসদীয় শুনানি ও বিভিন্ন সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, ‘এমআই৬-এর নীতিতে গুপ্তহত্যা বা লাইসেন্স টু কিল বলে কিছু নেই।’

বাস্তবতার সঙ্গে কোনো মিল না থাকলেও স্যার রিচার্ড ডিয়ারলাভ এবং অ্যালেক্স ইয়ঙ্গারের মতো পরবর্তী এমআই৬ প্রধানরা স্বীকার করেছেন, বন্ডের এ ব্র্যান্ডিং ও হিরোইজমের ইতিবাচক দিক আছে। বন্ডের এই নামী-দামী ইমেজ এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর বাহাদুরি পুরো বিশ্বে এমআই৬-কে এক ধরনের ড্রামাটিক জনপ্রিয়তা দিয়েছে। ডিয়ারলাভ মজা করে বলেছিলেন যে, বন্ডের গ্ল্যামারাস ইমেজের কারণেই প্রতি বছর বহু মেধাবী তরুণ-তরুণী ব্রিটিশ গুপ্তচর সংস্থাটিতে যোগ দিতে উদ্বুদ্ধ হয়। যদিও চাকরিতে যোগ দেয়ার পর তারা বুঝতে পারে বাস্তবের কাজটা বন্ডের মতো রঙিন নয়, বেশ শান্ত ও ধূসর!

তবে কেন এই বাহাদুরি?

ফ্লেমিং কেন বন্ডকে এমন বাহাদুরি দেখানোর সুযোগ দিলেন? এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও রাজকীয় দৃষ্টিভঙ্গি।

এক. ইমপিরিয়াল ফ্যান্টাসি: সাংস্কৃতিক গবেষক টনি বেনেট ও জ্যানেট উল্যাকট তাদের বিখ্যাত গবেষণা গ্রন্থ ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড: দ্য পলিটিকাল কেয়ারার অব আ পপুলার হিরো’ (১৯৮৭)-এ দেখিয়েছেন, বন্ডের এই স্বনামে হাজির হওয়া মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর ব্রিটিশ রাজকীয় শক্তির এক ধরনের ‘ইমপিরিয়াল ফ্যান্টাসি’। বন্ড নিজেকে লুকায় না কারণ সে নিজেকে পরাশক্তি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি মনে করে; তার আসল নামটাই শত্রুর মনে ভয় জাগানোর জন্য যথেষ্ট।

দুই. সৃষ্টিকর্তার নিজস্ব ব্যাখ্যা: ১৯৬২ সালে মার্কিন সাময়িকী দ্য নিউ ইয়ার্কারে দেয়া সাক্ষাৎকারে ইয়ান ফ্লেমিং বলেছিলেন, তিনি এমন একটি নাম চেয়েছিলেন যা শুনলে খুব সাধারণ এবং বিরক্তিকর মনে হয়। পরে বিখ্যাত পাখি পর্যবেক্ষক ড. জেমস বন্ডের লেখা ‘বার্ডস অব দ্য ওয়েস্ট ইন্ডিজ’ বই থেকে নামটি ধার করেন। ফ্লেমিং ভেবেছিলেন নাম প্রকাশ্য থাকলেও তার কাজগুলো গোপন থাকবে, কিন্তু সময়ের সঙ্গে চরিত্রটি কাল্ট হিরোয় পরিণত হওয়ায় নামটিই তার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়।

৩. মনস্তাত্ত্বিক চাল: উপন্যাসের বয়ান অনুযায়ী, শত্রুর মুখোমুখি নিজের আসল পরিচয় দিয়ে দাঁড়ানোটা এক ধরনের ‘ওপেন চ্যালেঞ্জ’ বা ‘হাইড ইন প্লেইন সাইট’ কৌশল। বন্ড শত্রুর মনে এই দ্বিধা তৈরি করে—যে লোক সরাসরি এসে পরিচয় দিচ্ছে, সে নিশ্চিতভাবেই পেছনে ভয়ানক কোনো ফাঁদ পেতে এসেছে!

বাস্তব গুপ্তচররা কেমন থাকেন?

বাস্তবের কিছু বিখ্যাত স্পাইদের দিকে তাকালেই বন্ডের সঙ্গে তাদের বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে—

এলি কোহেন: ইসরায়েলের বিখ্যাত গুপ্তচর এলি কোহেন ১৯৬০-এর দশকে ‘কামাল আমিন তাবেথ’ নামে এক কাল্পনিক সিরীয়-লেবানিজ ব্যবসায়ী সেজে সিরিয়ার রাজনীতি ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের ভেতর ঢুকে পড়েছিলেন। তিনি কখনোই নিজের নাম ‘এলি কোহেন’ উচ্চারণ করেননি। বছরের পর বছর ভুয়া পরিচয় বাঁচিয়ে রেখে তিনি গোয়েন্দা তথ্য পাঠাতেন।

রিচার্ড সোর্জ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পক্ষে কাজ করা সবচেয়ে সফল স্পাই রিচার্ড সোর্জ টোকিওতে জার্মান সাংবাদিক হিসেবে বাস করতেন। নাৎসি পার্টি ও জাপানি আমলাদের কাছে তিনি ছিলেন অন্ধ জার্মানি সমর্থক সাংবাদিক, অথচ স্ট্যালিনকে জাপানের আক্রমণ পরিকল্পনার গোপন সংবাদ পাঠাচ্ছিলেন।

ভ্যালেরি প্ল্যাম: আধুনিক যুগের সিআইএ কেভার্ট এজেন্ট ভ্যালেরি প্ল্যাম অনেক বছর এনার্জি সেক্টরের কনসালটেন্ট সেজে কাজ করেছেন। এমনকি তার নিজের অনেক ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়রাও জানতেন না যে সে সিআইএর হয়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করছেন। ২০০৩ সালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার পরিচয় ফাঁস হলে সিআইএ-কে বিশাল মাশুল গুনতে হয়েছিল।

তিনটি ঘটনাই একই শিক্ষা দেয়— বাস্তব গুপ্তচরবৃত্তিতে একজন এজেন্ট যত বেশি নিজের পরিচয়কে আড়াল করতে পারেন, তার কাজ তত বেশি সফল হওয়ার সুযোগ থাকে।
 

গোপনীয়তার ধারে-কাছে না থাকা আরো কিছু কাল্পনিক চরিত্র

অবশ্য গোপনীয়তা বুড়ো আঙুল দেখানো স্পাইয়ের তালিকায় বন্ড একা নয়। পপ-কালচারে এমন আরো কিছু বিখ্যাত চরিত্র রয়েছে।

ইথান হান্ট: মিশন চলাকালীন সিলিকন মাস্ক ব্যবহার করলেও সলোমন লেন বা ওয়েন ডেভিয়ানের মতো বিশ্বজুড়ে খলনায়করা খুব ভালো করেই চেনে ইথান হান্টকে। ইথান লুকায় না, সে তার চরম শারীরিক কসরত আর টিমওয়ার্ক দিয়ে শত্রু ধূলিসাৎ করে।

জ্যাক রায়ান: সিআইএ বিশ্লেষক থেকে ফিল্ডে আসা অতি সাধারণ ড্রেসের প্যাট্রিয়ট জ্যাক রায়ান প্রায় কখনোই ছদ্মনাম ব্যবহার করে না। সে স্পষ্ট রাজনীতি ও প্রকাশ্য কূটনীতির টেবিলে বসেই আন্তর্জাতিক সংকট মোকাবেলা করে।

স্টার্লিং আর্চার: অ্যাডাল্ট অ্যানিমেটেড সিরিজের স্পাই চরিত্রটি মূলত বন্ড ব্যাকরণে নির্মিত এক ডার্ক কমেডি। নিজেকে ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্পাই’ দাবি করা আর্চার পাব বা ক্যাসিনোয় গিয়ে মাতাল অবস্থায় চিৎকার করে নিজের স্পাই পরিচয় দিয়ে বেড়ায়!

কালচারাল ইমপেক্ট ও বাস্তবতাকে আড়ালে রাখার কৌশল

জনপ্রিয় সংস্কৃতিতে এ ‘সুপারহিরো স্পাই’ ধারণাটির প্রভাব সুদূরপ্রসারী। সাধারণ মানুষ ‘গুপ্তচরবৃত্তি’ বলতে যা বোঝে, তার প্রায় সবটাই ফিকশনে তৈরি। এটি একদিকে বিনোদন শিল্পকে বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করেছে, অন্যদিকে সাধারণ মানুষের মন থেকে বাস্তব স্পাইক্রাফটের নির্মম ও শুষ্ক দিকগুলোকে আড়াল করে দিয়েছে।

সিনেমা আমাদের শেখায় গুপ্তচরবৃত্তি মানেই দ্রুতগতির স্পোর্টস কার, অত্যাধুনিক গ্যাজেট আর সুন্দরীদের সঙ্গে রোমান্স। অথচ বাস্তবে এই গ্ল্যামারের আড়ালে ঢেকে যায় স্পাইদের জীবনের চরম হতাশা, অ্যালকোহলিজম, ডিপ্রেশন, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং ধরা পড়লে নিজ রাষ্ট্র কর্তৃক পরিত্যক্ত হওয়ার নিষ্ঠুর বাস্তবতা। পপ-কালচার বাস্তবতাকে এই রঙিন কল্পনার মোড়কে এমনভাবে ঢেকে দিয়েছে যে, দর্শক আসল গোয়েন্দার চেয়ে ক্যাসিনোতে স্যুট পরা কাল্পনিক বন্ডকেই স্পাই হিসেবে দেখতে বেশি ভালোবাসে।

‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’—বলাটা বাস্তব জীবনের কোনো স্পাইয়ের জন্য ক্যারিয়ারের ডেড-এন্ড হলেও, সিনেমায় তা মিলিয়ন ডলারের ফর্মুলা! বাস্তবের গোপনীয়তা যেখানে নিঃশব্দ মৃত্যু ডেকে আনে, সেখানে বন্ডের এই বেপরোয়া বাহাদুরি আমাদের দুই ঘণ্টার জন্য এক রঙিন ফ্যান্টাসিতে বুঁদ করে রাখে। আর সত্যি বলতে, ক্যাসিনোর আলো ঝলমলে টেবিলে একজন স্পাই যদি নিচু গলায় নিজের আসল নামই না বলল, তবে আর সাড়ে চারশো টাকার টিকিটের উসুল কোথায়!
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)