Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আবেগহীন অনুবাদ বিবেককে কি নাড়া নিচ্ছে

ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ১২:৩৯ পিএম
আবেগহীন অনুবাদ বিবেককে কি নাড়া নিচ্ছে

ছবি: এআই প্রণীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা রণাঙ্গনে মিত্রবাহিনীর অবস্থা বিশেষ সুবিধার ছিল না। সৈন্যদের মনোবল বাড়াতে লর্ড মাউন্টব্যাটেন একদিন ফ্রন্টলাইনে গিয়ে একটি দীর্ঘ কৌতুক শোনালেন। তাঁর পাশে দাঁড়ানো দোভাষী সৈন্যদের উদ্দেশে মাত্র কয়েকটি কথা বলতেই চারদিকে হাসির রোল পড়ে গেল। বিস্মিত মাউন্টব্যাটেন জানতে চাইলেন, এত বড় কৌতুক তিনি কয়েকটি শব্দে অনুবাদ করলেন কীভাবে? দোভাষী বললেন, 'স্যার, আমি শুধু বলেছি—জেনারেল সাহেব একটি দারুণ কৌতুক বলেছেন। এবার সবাই হাসো।'

গল্পটি সত্যি কি না, সেটি বড় কথা নয়। বড় কথা, এটি অনুবাদের একটি মৌলিক সত্যের দিকে ইঙ্গিত করে। অনুবাদ শব্দের নয়, প্রভাবের। ভাষার নয়, অভিজ্ঞতার। একজন দক্ষ অনুবাদক জানেন, একটি বাক্যের অর্থ শুধু অভিধানে থাকে না; থাকে মানুষ, সমাজ, সময় ও সংস্কৃতির ভেতরে। এই কারণেই অনুবাদকে অনেকেই একটি সৃজনশীল পুনর্র্নিমাণ বলে মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সেই ধারণাটিই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। আর ট্রান্সলেটস নেসেসারি? আ কেস অ্যাগেইনস্ট এআই প্রবন্ধের লেখক কেনেথ ক্রোনেনবার্গ সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন। জার্মান থেকে ইংরেজি ভাষায় অনুবাদের ক্ষেত্রে তাঁর তিন দশকের অভিজ্ঞতা। তাঁর বিশেষ দক্ষতার ক্ষেত্র বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ইতিহাস, উনিশ ও বিশ শতকের দিনলিপি এবং ব্যক্তিগত চিঠিপত্র।

তিনি ট্রাম্পবাদের রাজনৈতিক প্রকৃতি ও কর্মসূচি আরও গভীরভাবে বোঝার লক্ষ্যে নাৎসি ইউজেনিক্স এবং হিটলার যুবসংগঠনকে লক্ষ্য করে লেখা বিভিন্ন গ্রন্থ অনুবাদ করছেন। বর্তমানে তিনি হাইনরিখ ক্রিগারের ১৯৩৬ সালে প্রকাশিত দাস রাসেনরেখ্ট ইন ডেন ফেরাইনিগটেন স্টাটেন বা যুক্তরাষ্ট্রে বর্ণ আইন গ্রন্থের অনুবাদে কাজ করছেন।

এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ঘিরে অনুবাদ-বিতর্কটি কেবল প্রযুক্তির বিতর্ক নয়। এ হলো মানুষের সৃজনশীলতা, দক্ষতা এবং ভবিষ্যৎ নিয়ে বিতর্ক।

গত বছরের নভেম্বরে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদন সেই বিতর্ককে নতুন করে সামনে আনে। নেদারল্যান্ডসের প্রকাশনা প্রতিষ্ঠান ভিন বশ অ্যান্ড কিনিং ঘোষণা দেয়, তারা পরীক্ষামূলকভাবে জনপ্রিয় কিছু উপন্যাস এআই দিয়ে ইংরেজিতে অনুবাদ করবে। আশ্বাসও দেওয়া হয়—এ কোনো সাহিত্যিক রচনা নয়,  লেখকের অনুমতি নেয়া হবে, পরে একজন মানুষ অনুবাদটি সম্পাদনা করবেন। যেন মানুষ এখনও নিয়ন্ত্রণে আছে, যন্ত্র কেবল সহকারী।

কিন্তু ঘোষণার ভাষার আড়ালে অন্য একটি বাস্তবতা লুকিয়ে ছিল।

প্রকাশনাটি এখন আর কেবল একটি ডাচ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নয়। ভিন বশ অ্যান্ড কিনিংয়ের মালিক মার্কিন প্রকাশনা জায়ান্ট সাইমন অ্যান্ড শুস্টার। আবার সেই প্রতিষ্ঠানও একটি বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানের মালিকানায়। ফলে বই এখন শুধু সাহিত্য নয়; বিনিয়োগও। পাঠক নয়, শেয়ারহোল্ডারও তার গুরুত্বপূর্ণ অংশীদার।

এখানেই এআইয়ের প্রতি করপোরেট আগ্রহের ব্যাখ্যা মিলতে শুরু করে।

একজন অনুবাদক একটি বই অনুবাদ করতে কয়েক মাস সময় নেন। তাঁকে সম্মানী দিতে হয়। সম্পাদককে দিতে হয়। প্রুফরিডারকেও দিতে হয়। কিন্তু একটি সফটওয়্যার কয়েক মিনিটে খসড়া তৈরি করে ফেলতে পারে। এরপর যদি একজন মানুষ কেবল সেটি দেখে দেন, তাহলে ব্যয় অনেক কমে যায়। করপোরেট প্রতিষ্ঠানের কাছে এই হিসাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যে অর্থ সাশ্রয় হয়, তার মূল্য কে দেয়? উত্তরটি খুবই সোজা। মানুষ।

আজকের পৃথিবীতে সম্পদ কেবল কারখানা থেকে নয়, তথ্য থেকেও তৈরি হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাই এমন সব কাজ খুঁজছে, যেখানে মানুষের পরিবর্তে অ্যালগরিদম বসানো যায়। অনুবাদ তাদের কাছে এমনই একটি ক্ষেত্র। কারণ অনুবাদকে তারা ভাষার শিল্প হিসেবে নয়, তথ্য প্রক্রিয়াকরণের একটি ধাপ হিসেবে দেখতে শিখেছে।

আসলে এই পরিবর্তন নতুন নয়।

আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অনুবাদকদের হাতে ট্রান্সলেশন মেমোরি সফটওয়্যার তুলে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এগুলো কেবল সহকারী। এগুলো আগের অনুবাদ ঘেঁটে কিছু পরামর্শ দেবে, সিদ্ধান্ত নেবেন অনুবাদকই। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। নতুন প্রযুক্তি কাজ সহজ করবে—এটাই ছিল বিশ্বাস।

কিন্তু প্রযুক্তির ইতিহাসে এমন আশ্বাস নতুন নয়।

প্রথমে যন্ত্র মানুষের সহকারী হয়। পরে মানুষই যন্ত্রের সহকারীতে পরিণত হয়। 

অনুবাদ শিল্পেও তাই ঘটেছে। অল্প দিনের মধ্যেই বহু অনুবাদ সংস্থা সেই সফটওয়্যার বাধ্যতামূলক করে দেয়। যুক্তি, যেহেতু সফটওয়্যার অনুবাদের বড় অংশ করে দিচ্ছে, তাই আগের মতো পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন নেই। কাজ দ্রুত হচ্ছে, অর্থাৎ শ্রমও কম লাগছে। ফলে প্রতি শব্দের দাম কমতে শুরু করে। কিন্তু অনুবাদ কি সত্যিই দ্রুত হয়ে গিয়েছিল?

আংশিকভাবে হয়েছিল। তবে সেই গতি এসেছিল অন্য একটি মূল্যের বিনিময়ে।

যন্ত্র এমন বাক্য তৈরি করে, যা বেশির ভাগ ক্ষেত্রেই বোঝা যায়। কিন্তু বোঝা যাওয়াই কি ভালো ভাষা? অনুবাদের সবচেয়ে বড় শত্রু অনেক সময় ভুল নয়; মাঝারি মান। একটি দুর্বল বাক্য পাঠকের চোখে ধরা নাও পড়তে পারে, কিন্তু ভালো ভাষার প্রাণশক্তি নষ্ট করে দেয়। অনুবাদকও ভাবতে শুরু করেন, 'এতেই তো চলছে।' ধীরে ধীরে উৎকর্ষের জায়গা দখল করে নেয় 'চলনসই' মান। আর এখান থেকেই শুরু হয় দক্ষতার ক্ষয়।

একসময় একজন অনুবাদক একটি বইয়ের প্রতিটি বাক্যের সঙ্গে লড়তেন। একটি শব্দের জন্য অভিধান, বিশ্বকোষ, লেখক, গবেষণাপত্র—যা দরকার হতো, তা-ই খুঁজে দেখতেন। এখন তাঁর সামনে তৈরি খসড়া পড়ে থাকে। কাজের বড় অংশ হয়ে দাঁড়ায় ভুল ধরার। সৃষ্টি নয়, সংশোধন। এই পরিবর্তনের জন্য জার্মান লেখক একটি চমৎকার শব্দ ব্যবহার করেছেন—ডিজিটাল ফোর্ডবাদ।

গত শতকের শুরুতে হেনরি ফোর্ড গাড়ি তৈরির পদ্ধতিই বদলে দিয়েছিলেন। দক্ষ কারিগরের বদলে চালু হয়েছিল অ্যাসেম্বলি লাইন। উৎপাদন বেড়েছিল, খরচ কমেছিল, কিন্তু শ্রমিকের কাজ ভেঙে গিয়েছিল ছোট ছোট যান্ত্রিক অংশে। আগে যে মানুষ পুরো গাড়ি বানাতে জানতেন, তিনি এখন হয়তো সারাজীবন একই  নাট-বল্টু আঁটছেন।

ডিজিটাল যুগে অনুবাদশিল্পেও ঠিক সে কাণ্ডই ঘটছে।

একজন অনুবাদক আর একটি বইয়ের সঙ্গী নন। তিনি ধীরে ধীরে একটি সফটওয়্যারের পোস্ট-এডিটরে পরিণত হচ্ছেন। তাঁর ভাষাবোধ, অভিজ্ঞতা কিংবা সাহিত্যিক সংবেদনশীলতার চেয়ে বেশি মূল্য পাচ্ছে দ্রুত কাজ শেষ করার সক্ষমতা।
এই পরিবর্তন কেবল অনুবাদকের পেশাকে বদলে দিচ্ছে না; বদলে দিচ্ছে পুরো শিল্পটিকেই। ছোট ছোট অনুবাদ সংস্থাগুলো একে একে বড় করপোরেট প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে। বিপুল বিনিয়োগ আসছে। লক্ষ্য একটাই—বাজার দখল, খরচ কমানো এবং মুনাফা বাড়ানো।

২০১৫ সালে যুক্তরাজ্যভিত্তিক অনুবাদ প্রতিষ্ঠান আরডব্লিউএস একটি ছোট কিন্তু অত্যন্ত সুনামধন্য চিকিৎসাবিষয়ক অনুবাদ সংস্থাকে কোটি কোটি ডলারে কিনে নেয়। এরপর আরও অধিগ্রহণ। দুই বছরের মাথায় প্রতিষ্ঠানটি ঘোষণা করে, তাদের শতাধিক স্থায়ী অনুবাদকের জায়গায় থাকবে যন্ত্র-অনুবাদের পোস্ট-এডিটর। কারণ, প্রতিষ্ঠানের ভাষায়, অনুবাদকরাই ছিল তাদের সবচেয়ে ব্যয়বহুল সম্পদ। একটি বাক্যেই যেন ভবিষ্যতের রূপরেখা আঁকা হয়ে গেল।

মানুষ আর বিনিয়োগ নয়; ব্যয়। আর ব্যয় কমানোর সবচেয়ে সহজ উপায়, মানুষকে সরিয়ে দেওয়া। অনুবাদশিল্পের সাম্প্রতিক ইতিহাস আসলে এই দর্শনেরই ইতিহাস। একসময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট অনুবাদ সংস্থাগুলো একে একে বড় করপোরেট প্রতিষ্ঠানের হাতে চলে যায়। বিপুল বিনিয়োগ আসে। ভাষা তখন আর সাংস্কৃতিক সম্পদ নয়; একটি বৈশ্বিক সেবা-খাত। যে প্রতিষ্ঠান যত দ্রুত, যত কম খরচে অনুবাদ সরবরাহ করতে পারবে, বাজার তারই। ভাষা ধীরে ধীরে মানুষ থেকে সরে গিয়ে ব্যবসায়িক দক্ষতার সূচকে পরিণত হয়।

এই পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতি কোথায়? কাজ হারানোয়? অবশ্যই। কিন্তু তার চেয়েও বড় ক্ষতি দক্ষতার। একজন অনুবাদক যখন শুরু থেকে শেষ পর্যন্ত একটি বই নিয়ে কাজ করেন, তখন তিনি শুধু বাক্য বদলান না। ধীরে ধীরে লেখকের চিন্তার ভেতর প্রবেশ করেন। আইনের বই অনুবাদ করলে আইনের যুক্তি শেখেন। বিজ্ঞানের বই অনুবাদ করলে বিজ্ঞানের ভাষা আয়ত্ত করেন। ইতিহাস অনুবাদ করলে ইতিহাসের সঙ্গে তর্ক করেন। প্রতিটি বই তাঁকে একটু করে বদলে দেয়। এই কারণেই অনুবাদ শুধু পেশা নয়, শিক্ষা। শুধু জীবিকা নয়, আত্মগঠনেরও একটি পথ।

পোস্ট-এডিটিং সেই সুযোগ দেয় না। সেখানে অনুবাদকের সামনে একটি প্রস্তুত খসড়া পড়ে থাকে। তাঁর কাজ হলো ভুল ধরা, শব্দ পাল্টানো, বাক্য মসৃণ করা। একটি বইয়ের ভাবনার সঙ্গে শুরু থেকে পথচলার বদলে তিনি মাঝপথে এসে যন্ত্রের ফেলে যাওয়া ত্রুটি পরিষ্কার করেন। বাইরে থেকে দুটি কাজ একই রকম মনে হলেও ভেতরে ভেতরে কাজগুলো পুরোপুরিই আলাদা।

২০১১ সালে এক সম্মেলনে যন্ত্র-অনুবাদ গবেষক অ্যালন লাভিকে একটি প্রশ্ন করা হয়েছিল। মেশিন ট্রান্সলেশন কি অনুবাদককে আরও দক্ষ করে তোলে? কঠিন বই অনুবাদের জন্য প্রয়োজনীয় উচ্চতর ক্ষমতা অর্জনে কি এই যন্ত্র সাহায্য করে? লাভির উত্তর ছিল বিস্ময়করভাবে সৎ। তাঁর মতে, এমন কোনো প্রমাণ নেই। বরং বহুল ব্যবহৃত ট্রান্সলেশন মেমোরি সফটওয়্যারও মূলত যন্ত্র-অনুবাদেরই একটি হালকা সংস্করণ।

এই স্বীকারোক্তির অর্থ গভীর।

যদি একটি প্রযুক্তি মানুষের দক্ষতা বাড়ানোর বদলে তাকে ধীরে ধীরে দক্ষতাহীন করে তোলে, তাহলে সে প্রযুক্তিকে নিছক সহকারী বলা যায় না। সে প্রযুক্তি তখন কাজের ধরনই বদলে দিচ্ছে।

তবু করপোরেট ভাষায় এই পরিবর্তনের নাম 'আপস্কিলিং'। অনুবাদকদের বলা হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতার তালিকায় রয়েছে এআই প্রম্পট লেখা, ডেটা ব্যবস্থাপনা, পরিভাষার তালিকা তৈরি, ভাষা-মডেল প্রশিক্ষণের জন্য তথ্য শ্রেণিবিন্যাস, ট্যাগিং কিংবা লেবেলিং।

খেয়াল করলে দেখা যাবে, এগুলোর একটিও অনুবাদ নয়। সবই যন্ত্রকে আরও দক্ষ করে তোলার প্রস্তুতিমূলক কাজ। ভাষার শিল্পীকে ধীরে ধীরে ডেটা-কারখানার কর্মীতে পরিণত করার প্রক্রিয়া।

এই পরিবর্তনের আরেকটি বিপদ আছে। যন্ত্র সাধারণত এমন ভাষা তৈরি করে, যা প্রথম দেখায় বেশ চমৎকার মনে হয়। বাক্য সাবলীল, ব্যাকরণ ঠিক, শব্দও মানানসই। কিন্তু একটু গভীরে গেলেই দেখা যায়, কোথাও অর্থ সরে গেছে, কোথাও সূক্ষ্ম বিদ্রূপ হারিয়ে গেছে, কোথাও সাংস্কৃতিক ইঙ্গিত মুছে গেছে, আবার কোথাও এমন তথ্য ঢুকে পড়েছে, যা মূল লেখাতেই ছিল না।

ফ্রান্সের অনুবাদক সমিতি তাই সতর্ক করে দিয়েছে, জেনারেটিভ এআই মূলত পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসের সফটওয়্যার। এটি সত্য বোঝে না; সবচেয়ে সম্ভাব্য বাক্যটি অনুমান করে। প্রয়োজনীয় তথ্য না পেলে অনেক সময় নিজের মতো করে ফাঁক পূরণ করে। প্রযুক্তির ভাষায় যার নাম—হ্যালুসিনেশন। শব্দটি শুনতে নিরীহ। কিন্তু এর ভেতরের বিপদ মোটেও নিরীহ নয়।

কারণ একটি যন্ত্র কখনো থেমে প্রশ্ন করে না—'এখানে লেখক কি সত্যিই এই অর্থে শব্দটি ব্যবহার করেছেন?' তার কোনো সংশয় নেই। কোনো কৌতূহলও নেই। অথচ একজন অনুবাদকের সবচেয়ে বড় শক্তিই হলো সংশয়। তিনি একই বাক্য পাঁচবার পড়েন। একটি শব্দ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাবেন। লেখকের সঙ্গে যোগাযোগ করেন। অভিধান ঘাঁটেন। পুরোনো সংস্করণ দেখেন। কখনো পুরো অনুচ্ছেদ নতুন করে লেখেন। কারণ তিনি জানেন, অনুবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ উত্তর খুঁজে পাওয়া নয়; সঠিক প্রশ্নটি করতে শেখা। সেখানেই মানুষ আর যন্ত্রের দূরত্ব সবচেয়ে বেশি।

একটি ভাষা-মডেল বাক্যের সম্ভাবনা হিসাব করে। একজন অনুবাদক মানুষের অভিজ্ঞতা বোঝার চেষ্টা করেন। এ দুটি কাজ কখনোই এক নয়।

এই পার্থক্য সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে সাহিত্যিক অনুবাদে।

একজন ঔপন্যাসিক বা কবির সঙ্গে দীর্ঘদিন কাজ করলে অনুবাদক ধীরে ধীরে তাঁর চিন্তার ভেতর প্রবেশ করেন। কোথায় তিনি ইচ্ছাকৃতভাবে বাক্য ভেঙেছেন, কোথায় একটি সাধারণ শব্দের আড়ালে বিদ্রূপ লুকিয়েছেন, কোথায় নীরবতাই আসল বক্তব্য—এসব একদিনে ধরা পড়ে না। একাধিক খসড়া লাগে। বারবার ফিরে যেতে হয়। অনেক সময় লেখকের সঙ্গেও দীর্ঘ আলোচনা চলে। সেই কথোপকথনে শুধু অনুবাদ নয়, মূল লেখাটিও পরিষ্কার হয়। এমনও ঘটে, লেখক নিজেই বুঝতে পারেন, তিনি কী বলতে চেয়েছিলেন কিন্তু পুরোপুরি বলতে পারেননি।

এই কারণেই ভালো অনুবাদ অনেক সময় মূল রচনাকেও সমৃদ্ধ করে।

একজন অনুবাদকের কাজ শেষ হয় না অভিধানের শেষ পাতায়। তাঁর আসল কাজ শুরু হয় সেখানে, যেখানে শব্দের আক্ষরিক অর্থ শেষ হয়ে মানুষের অভিজ্ঞতা শুরু হয়।

লেখক নিজের জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। উনিশ শতকের আশির দশকে কনস্টান্টিনোপলে কর্মরত এক উনিশ বছরের জার্মান তরুণীর শত শত চিঠি তিনি অনুবাদ করেছিলেন। সেই তরুণীর জীবন তাঁর নিজের জীবনের সঙ্গে কোনো দিক থেকেই মেলেনি। সময় আলাদা, সমাজ আলাদা, অভিজ্ঞতা আলাদা। তবু অনুবাদ করতে গিয়ে তাঁকে সেই মেয়েটির চোখ দিয়ে পৃথিবীকে দেখতে হয়েছে। সে কোন বই পড়ত, কীসে সান্ত্বনা পেত, কী তাকে ভয় দেখাত, কী তাকে আশা দিত—এসব না বুঝলে চিঠিগুলোর ভাষাও বোঝা যেত না।

অনুবাদের এই পরিশ্রম বাইরে থেকে দেখা যায় না। কিন্তু আসল কাজটি সেখানেই।

একজন মানুষ অন্য একজন মানুষের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। হয়তো কখনো পুরোপুরি সফল হবেন না। তবু সেই চেষ্টাটাই অনুবাদকে মানবিক করে তোলে।

এআইয়ের পক্ষে এই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। তার কোনো ব্যক্তিগত স্মৃতি নেই। কোনো শৈশব নেই। ব্যর্থতার দাগ নেই। ভালোবাসা বা শোকের নিজস্ব ইতিহাসও নেই। সে মানুষের লেখা কোটি কোটি বাক্যের মিল-অমিল বিশ্লেষণ করে এমন একটি বাক্য তৈরি করে, যা দেখতে মানুষের লেখা বলে মনে হয়। কিন্তু মনে হওয়া আর হওয়া এক জিনিস নয়।

এই কারণেই এআই যত উন্নতই হোক, মানুষের কল্পনাশক্তি বা সহমর্মিতার বিকল্প হতে পারে না। সে অনুভূতির ভাষা নকল করতে পারে, অনুভূতি নয়; অভিজ্ঞতার ভঙ্গি অনুকরণ করতে পারে, অভিজ্ঞতা নয়।

তাই অনুবাদ নিয়ে বিতর্কটি শেষ পর্যন্ত প্রযুক্তির বিতর্ক নয়; সভ্যতার বিতর্ক। আমরা কেমন সমাজ চাই? এমন একটি সমাজ, যেখানে মানুষের প্রধান কাজ হবে যন্ত্রের তৈরি খসড়া দেখে দেওয়া? যেখানে বছরের পর বছর অর্জিত ভাষাদক্ষতার মূল্য ক্রমশ কমে যাবে, কিন্তু সফটওয়্যারের লাইসেন্সের দাম বাড়তেই থাকবে? যেখানে নতুন প্রজন্ম কম পড়বে, কম লিখবে, কম ভাববে, কারণ একটি যন্ত্র তাদের হয়ে সব কাজ করে দেবে?

এই প্রশ্ন শুধু অনুবাদকদের নয়। একজন ইতিহাসবিদ, শিক্ষক, গবেষক, সাংবাদিক কিংবা সম্পাদক—সবাই একই উদ্বেগের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। কারণ দক্ষতা একদিনে তৈরি হয় না। দীর্ঘ অনুশীলন, ভুল, সংশোধন এবং নিরন্তর কৌতূহল একজন মানুষকে তার পেশায় পরিণত করে। যদি সেই অনুশীলনের প্রয়োজনই ফুরিয়ে যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ হবে কীভাবে?

সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারেন পাঠকেরাই। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; ভাষাই মানুষের চিন্তার সবচেয়ে বড় আশ্রয়। আমরা যত সমৃদ্ধ ভাষা ব্যবহার করি, তত সূক্ষ্মভাবে ভাবতে পারি। ভাষা যদি ধীরে ধীরে একরকম, মসৃণ, নিরাপদ এবং পূর্বানুমেয় হয়ে ওঠে, তাহলে চিন্তার জগতও সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। কারণ যন্ত্র গড়পড়তা ভাষা তৈরি করে। ব্যতিক্রম তাকে অস্বস্তিতে ফেলে। অথচ সাহিত্য, দর্শন, ইতিহাস কিংবা সৃজনশীলতার জন্মই হয় সেই ব্যতিক্রমের ভেতর থেকে।

অনুবাদক তাই কেবল ভাষা বদলান না; ভাষাকে বাঁচিয়েও রাখেন। এক সংস্কৃতির অভিজ্ঞতাকে আরেক সংস্কৃতির হাতে তুলে দেন। দুই ভাষার মাঝখানে দাঁড়িয়ে তিনি শুধু বাক্য বহন করেন না; বহন করেন ইতিহাস, স্মৃতি, রসবোধ, বেদনা এবং মানুষের জটিলতাকে।

প্রযুক্তিকে তাই প্রত্যাখ্যান করার কোনো কারণ নেই। অভিধান যেমন অনুবাদকের শত্রু নয়, এআইও নয়। গবেষণা, তথ্য অনুসন্ধান কিংবা প্রাথমিক খসড়া তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর সহকারী হতে পারে। কিন্তু সহকারী আর স্রষ্টা এক নয়। যে মুহূর্তে আমরা এই পার্থক্য ভুলে যাই, সেদিনই মানুষ যন্ত্রের মালিক নয়, যন্ত্রের তত্ত্বাবধায়কে পরিণত হয়।

শেষ পর্যন্ত প্রশ্নটি অনুবাদককে নিয়ে নয়। প্রশ্নটি মানুষকে নিয়ে। আমরা কি এমন এক পৃথিবী চাই, যেখানে সব কিছুর মূল্য নির্ধারণ করবে গতি, খরচ আর মুনাফা? নাকি এমন এক সমাজ, যেখানে মানুষের সৃজনশীলতা, বিচারবোধ, অভিজ্ঞতা এবং কল্পনাশক্তিরও স্বাধীন মূল্য থাকবে?

উত্তরটি এখনো আমাদের হাতেই। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রযুক্তির ইতিহাস বলে, কোনো পরিবর্তন একবার স্বাভাবিক হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা কঠিন। তাই অনুবাদের ভবিষ্যৎ নিয়ে আজকের বিতর্ক কেবল একটি পেশার টিকে থাকার প্রশ্ন নয়; এটি ভাষা, সাহিত্য এবং শেষ পর্যন্ত মানুষের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। আজ সিদ্ধান্ত নেবেন প্রকাশক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকেরা। কিন্তু সেই সিদ্ধান্তের ফল বহন করবে আগামী প্রজন্মের পাঠক।

তাই প্রশ্নটি এখনই করা দরকার—আমরা কি শুধু দ্রুত অনুবাদ চাই, নাকি এমন অনুবাদ চাই, যা ভাষার সীমানা পেরিয়ে মানুষের অভিজ্ঞতা, সংস্কৃতি ও অনুভূতিকেও বহন করে? কারণ অনুবাদ যদি শেষ পর্যন্ত শব্দের নয়, প্রভাবের হয়; ভাষার নয়, অভিজ্ঞতার হয়—তবে মানুষের সেই কাজটি এখনো মানুষেরই। আর যেদিন আমরা এই পার্থক্য ভুলে যাব, সেদিন হারাব শুধু অনুবাদককে নয়; ভাষার ভেতর দিয়ে অন্য মানুষকে বোঝার আমাদের সবচেয়ে মূল্যবান ক্ষমতাকেও।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)