নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার সকালে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত হয়েছে। আজ বুধবার সকালে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনা সভায় বক্তারা শব্দদূষণকে একটি ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করে বলেন, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইনের যথাযথ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার তাগিদ দেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি, স্কাউট এবং বিভিন্ন এনজিও সংস্থার ব্যক্তিবর্গ। বক্তারা শব্দদূষণমুক্ত একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
১৯৯৬ সালে সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন (সিএইচসি) প্রথম এই দিবসটি পালনের উদ্যোগ নেয়, যার মূল লক্ষ্য শব্দদূষণ রোধে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরি করা।
বাংলাদেশেও শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন আছে। আইন অনুযায়ী অনুযায়ী, বিভিন্ন এলাকাকে (যেমন: হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ) শান্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং নির্দিষ্ট মাত্রার বাইরে শব্দ করা দণ্ডনীয় অপরাধ।