চৌগাছা (যশোর) প্রতিনিধি│
যশোরের চৌগাছা কামিল মাদ্রাসায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী অধ্যক্ষের সংবর্ধনা এবং নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা আলাউদ্দিন সাহেবকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পুড়াহুদা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সাবেক ইংরেজি শিক্ষক কাসেদ আলী এবং চৌগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কামরুজ্জামান, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ড. আবদুশ শুকুর মিলন।
বক্তারা বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং মাদ্রাসার উন্নয়নে তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, ডক্টর মাওলানা আলাউদ্দিন সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠান শেষে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চৌগাছা কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল কালাম। দায়িত্ব গ্রহণকালে তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রাখতে এবং সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।