Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফল ঘোষণার দিনই মিলবে নতুন বই

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ১১:০২ এ এম
ফল ঘোষণার দিনই মিলবে নতুন বই

ছবি: সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই এবার আগেভাগেই পাচ্ছে শিক্ষার্থীরা। বই ছাপানোর কাজ প্রায় শেষের পথে থাকায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন বছর শুরু হতে এখনো দেড় মাসের বেশি বাকি থাকলেও এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে নতুন বই পৌঁছাতে শুরু করেছে। তবে যথাসময়ে বই পাওয়া নিয়ে সংশয় না থাকলেও বইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। মুদ্রণকারীদের বিরুদ্ধে দরপত্রের শর্তের নির্ধারিত মানের চেয়ে কম জিএসএমের কাগজ এবং নিম্নমানের কালি ব্যবহার করে বই ছাপানোর অভিযোগ উঠেছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ এবং প্রাথমিক স্তরের প্রায় ৯৯ শতাংশ পাঠ্যবই ছাপানো শেষ হয়েছে। মাধ্যমিক স্তরের প্রায় ৭৭ শতাংশ বই ছাপানো হয়েছে এবং ইবতেদায়ি স্তরের প্রায় ৯৫ শতাংশ বই ছাপানো হয়েছে। এনসিটিবির কর্মকর্তারা বলছেন, এবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী চলতি নভেম্বর মাসের মধ্যেই পাঠ্যবই ছাপানোর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বইয়ের মান নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি বই ছাপানো হবে। এসব বইয়ের মধ্যে মাধ্যমিক স্তরের ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরের প্রায় ৮ কোটি ২০ লাখ বই রয়েছে। বিনা মূল্যের এসব পাঠ্যবই ছাপাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।

সব ঠিকঠাকমতো হলে দীর্ঘ কয়েক বছর পর এবার শিক্ষার্থীরা আগেভাগে নতুন বই পাচ্ছে। বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকলেও বিভিন্ন সময়ে তাতে ব্যর্থতার নজিরও রয়েছে। বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে টানা দুই শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়নি। চলতি শিক্ষাবর্ষে বছর শুরুর ১ মাস ৭ দিন পর গত ৭ ফেব্রুয়ারি শতভাগ বই সরবরাহ সম্পন্ন করে এনসিটিবি। এর আগের শিক্ষাবর্ষে সব বই সরবরাহ করতে লেগেছিল প্রায় তিন মাস।

বই ছাপানোর অগ্রগতি ভালো হলেও নতুন চারটি বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি। বইগুলো হলো—চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। এ বিষয়ে এনসিটিবির এক কর্মকর্তা জানান, শেষ মুহূর্তে নতুন চারটি বই পাঠ্যক্রমে যুক্ত হওয়ায় ছাপাখানায় সময়মতো পাণ্ডুলিপি সরবরাহ করা সম্ভব হয়নি। এ কারণে বইগুলোর ছাপানোর কাজ শুরু করা যায়নি। তবে এ-সংক্রান্ত সব প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে বইগুলোর ছাপানো শুরু হবে। শিক্ষার্থীরা যথাসময়েই সব বই পাবে।

এদিকে, পাঠ্যবই যথাসময়ে পৌঁছালেও কাগজ ও কালির মান নিয়ে অভিযোগ উঠেছে। দরপত্রে প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে ৮০ জিএসএম এবং মাধ্যমিক স্তরের বইয়ে ৭০ জিএসএমের কাগজ ব্যবহারের শর্ত রয়েছে। কিন্তু কিছু ছাপাখানায় এর চেয়ে কম জিএসএমের কাগজে বই ছাপানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি ব্যবহৃত কালি ও বইয়ের বাঁধাই নিয়েও অভিযোগ রয়েছে। এনসিটিবি সূত্র বলেছে, নিম্নমানের কাগজ ও ছাপার কারণে এরই মধ্যে প্রায় ৯ লাখ ফর্মা বাতিল করা হয়েছে এবং সম্পূর্ণ প্রস্তুত করা ১২ হাজার বই কেটে ফেলা হয়েছে। অনিয়মের অভিযোগে অন্তত ২৫টি মুদ্রণপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের জানান, আগামী সপ্তাহ থেকে নতুন চার বইয়ের ছাপার কাজ শুরু হবে। এবার যথাসময়েই শিক্ষার্থীরা বিনা মূল্যের পাঠ্যবই হাতে পাবে। পাঠ্যবইয়ের মান নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে এনসিটিবি এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)