বিশেষ প্রতিনিধি
প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমানের বিশেষ সম্পূরক পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অংশ নিতে যাচ্ছে ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। । বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী এ তথ্য জানিয়েছেন। এরপাশাপাশি মূল ফলাফলে কাঙ্ক্ষিত ফল না পাওয়া আরো ২৬ হাজার পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জানিয়েছেন।
বোর্ড কর্তৃপক্ষের প্রকাশিত মূল ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৫০ হাজার ৬৮৮ জন। অন্যদিকে অকৃতকার্য বা ফেল করে মোট ৬২ হাজার ১০৩ জন পরীক্ষার্থী। সার্বিক পাসের হার দাঁড়ায় মাত্র ৪৪.৯২ শতাংশে, যেখানে অকৃতকার্য বা ফেলের হার ৫৫.০৮ শতাংশ।
অকৃতকার্য হওয়ার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আবশ্যিক বিষয় ইংরেজি। এ বিষয়ে ১ লাখ ৮ হাজার ৯৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ হাজার ৯৭৭ জনই অকৃতকার্য হয়, যেখানে পাসের হার মাত্র ৫৪.৯৫ শতাংশ এবং ফেলের হার ৪৫.০৫ শতাংশ। এছাড়া আইসিটিতে অকৃতকার্য হয়েছে ২৮ হাজার ৭৩ জন (ফেলের হার ৩১.১৬%), রসায়নে ফেল করেছে ২ হাজার ৫৫ জন (ফেলের হার ২২.৫২%), উচ্চতর গণিতে ১ হাজার ১১৭ জন (ফেলের হার ১০.২৯%) এবং বাংলায় ১০ হাজার ৫৬৬ জন (ফেলের হার ১৮.২৭%) পরীক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলেও পাসের চেয়ে ফেলের পাল্লাই ছিল ভারি। মানবিক বিভাগে অংশগ্রহণকারী ৭৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ৩০ হাজার ১৯১ জন (পাসের হার ৩৮.২১%), আর অকৃতকার্য হয় ৪৫ হাজার ১১৮ জন (ফেলের হার ৬১.৭৯%)। ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৩৩৫ জনের মধ্যে পাস কর ৫ হাজার ৩১০ জন (পাসের হার ৪৩.৮৩%) এবং ফেল করে ৫ হাজার ২৫ জন (ফেলের হার ৫৬.১৭%)। কেবল বিজ্ঞান বিভাগে অকৃতকার্যদের চেয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিল; এখানে ২২ হাজার ৩৩৬ জনের মধ্যে পাস করে ১৫ হাজার ১৬৭ জন (পাসের হার ৭০.০৩%) এবং অকৃতকার্য হয় ৭ হাজার ১৬৯ জন (ফেলের হার ২৯.৯৭%)।
এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধস নামে। এ বছর মোট ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে (যা মোট পরীক্ষার্থীর ২.৮৬%), যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন।
৩১ অক্টোবর ফল ঘোষণার দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সম্পূরক পরীক্ষার ঘোষণা দেন।
এরআগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হতো শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো।
নতুন এই উদ্যোগে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হবে না।