ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, সরকার নির্ধারিত ফিয়ের বেশি কোনো অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি নেওয়ার প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পে অর্ডার) বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের এই ভর্তি নীতিমালা জারি করা হয়।
নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন ফরমের দাম সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত আবেদন ফি সর্বোচ্চ ২৫০ টাকা। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে।
মন্ত্রণালয় অঞ্চলভেদে সেশন চার্জসহ ভর্তি ফিয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। নিয়ম অনুযায়ী—
মফস্বল এলাকা: সর্বোচ্চ ৫০০ টাকা।
উপজেলা পৌর এলাকা: ১ হাজার টাকা।
জেলা সদর পৌর এলাকা: ২ হাজার টাকা।
ঢাকা মহানগর ব্যতীত অন্যান্য মহানগর: ৩ হাজার টাকা।
অন্যদিকে, ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে। এছাড়া আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই নির্দিষ্ট ফিয়ের মধ্যেই মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফি বাবদ কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
পুনঃভর্তি ফি নিষিদ্ধ
নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া গেলেও কোনো অবস্থাতেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। এছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফ নিশ্চিত করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০২৪ সালের ২৭ অক্টোবর জারিকৃত পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দিষ্ট সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া শেষে বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি ও জমা পড়া আবেদন ফরমের সুনির্দিষ্ট হিসাব নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসরণ করে মানসম্মত ও উপযোগী প্রশ্ন তৈরি করতে হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস ও উপযুক্ত আসনবিন্যাসের পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।