বেনাপোল প্রতিনিধি
ইদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোল সীমান্তে থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আজ সোমবার ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে এসব অস্ত্র উদ্ধার হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি শুরু করে। বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেটসংলগ্ন গাতিপাড়া–দৌলতপুর সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদির আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিবিজিএম, পিএসসি) বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।