নিজস্ব প্রতিবেদক
যশোরে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ধারালো অস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, রবিবার রাত সাড় ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর সন্ন্যাসী বটতলা এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। সেখান থেকে ২১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। আটকরা হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের সাকিবুল হাসান ও যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মিরাজ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মিজবা উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার তেঘরি গ্রামে অভিযান চালিয়ে ৫২ পুরিয়া গাঁজাসহ রাহিদ মোল্যা নামে একজনকে আটক করা হয়। একই রাত পৌনে ১০টার দিকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে বিরামপুর ফকিরার মোড় এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আনিচুর রহমান নামে এক যুবককে আটক করেন।
রাত ১টার দিকে কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান বকচর প্রাইমারি স্কুল এলাকায় অভিযান চালিয়ে ১টি চাইনিজ কুড়ালসহ সালাম বিশ্বাস নামে এক যুবককে আটক করেন।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকালে উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে একটি দল শহরের পুরাতন কসবা রায়পাড়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ছাদিকুর রহমান সুমনকে আটক করে।
পুলিশ আরও জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে আরাফাত হোসেন ও ইমন মাঝি নামে দুই যুবককে আটক করেন। পরে তাদের কাছ থেকে ২টি চাকু, নগদ ৯২ হাজার ৮০০ টাকা, ১টি স্কুটি এবং ১টি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
এছাড়া রবিবার সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন শহরের বারান্দী পাড়া আমিনিয়া আলিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ কেরামত আলী নামে এক ব্যক্তিকে আটক করেন। পুলিশ জানায়, কেরামত আলীর বিরুদ্ধে পূর্বেও ৬টি মামলা রয়েছে।