নিজস্ব প্রতিবেদক
যশোরে ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের সাড়ে চারটি স্বর্ণের বারসহ সুমন মণ্ডল নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শহরের যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন মণ্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকার ইসলামিয়া বাজার পাগলা গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধি দেখে সুমন মণ্ডলকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৮০ গ্রাম ওজনের সাড়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক নম্বর লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এই অঞ্চলে স্বর্ণ চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই এটাকে পেশা হিসেবে গ্রহণ করছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।