নিজস্ব প্রতিবেদক
ছবি: আটক আলমগীর হোসেন
বাঘারপাড়ায় ট্রাক চুরি মামলায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে খাজুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তেলিধান্যপুর গ্রামের বাসিন্দা মৃত ওলিয়ার রহমানের ছেলে।
ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, গত ৭ জুন তেলিধান্যপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ফার্মহাউসে খাজুরা পুলিশ ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় আসামি জামাল, সেতু ও এনামুলকে। তারা ফার্মহাউজের ভেতরে একটি চোরাই ড্রাম ট্রাক কেটে টুকরো করছিলো। এ তিনজনসহ ছয়জনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর শহরের বকচর হুশতলা মাঠপাড়ার বাসিন্দা হামজাকে আটক করে পুলিশ। আদালতে আটক আসামিদের দেওয়া জবানবন্দিতে সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নাম উঠে আসে। মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রাক চুরি মামলায় তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।