নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
গদখালী বাজার থেকে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন সরদার (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।
আজ শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক শাহাব উদ্দিন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি অভিযানিক দল ভোরে গদখালী বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাব উদ্দিন জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।