নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশ ও বিজিবি’র আলাদা অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শহরের নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ৩ হাজার ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব মুন্সিগঞ্জ ধানখালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামনগর মুড়লী মোড় শাহী মসজিদের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আরিফুল ইসলাম জিসান ওরফে লাহীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আরিফুল মুড়লী খাঁপাড়ার আবেদ আলী খাঁর ছেলে।
এদিকে উপশহর পুলিশ ক্যাম্পের এসআই অলোক কুমার দে জানান, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আলী রেজা রাজু সড়কস্থ জবেদা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ৪ জনকে আটক এবং তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো—ওই বাড়ির ভাড়াটিয়া বিরামপুর পশ্চিমপাড়ার সোহরাব হোসেনের ছেলে বাবু হোসেন ওরফে সোহেল হোসেন, রবিউল ইসলামের ছেলে আবদুল জব্বার, শেখহাটি বাবলাতলার তমালতলার মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা ও সদরের রামনগর রাজারহাট এলাকার মৃত সেলিমের ছেলে শফিকুল ইসলাম রিপন।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে বাবু হোসেন ওরফে সোহেল হোসেনের বিরুদ্ধে ৮টি, সঞ্জয় সাহার বিরুদ্ধে ৩টি, আবদুল জব্বারের বিরুদ্ধে ৫টি এবং শফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে ১২টি মামলা চলমান রয়েছে।