নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
মাদকদ্রব্যের গন্ধ আড়াল করতে এবার শুঁটকি মাছের অভিনব কৌশল বেছে নিয়েছে কারবারিরা। তবে শেষ রক্ষা হয়নি। যশোর সদরের হামিদপুর এলাকায় তল্লাশি চালিয়ে শুঁটকি মাছের ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ হযরত আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মাদক কারবারি হযরত আলী বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান নড়াইল হয়ে যশোরের দিকে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল হামিদপুর এলাকায় কৌশলগত চেকপোস্ট বসায়। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা। বাসের ভেতর তল্লাশিকালে যাত্রী হযরত আলীর অতিরিক্ত সতর্কতা ও অস্বাভাবিক গতিবিধি দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তার সাথে থাকা একটি চটের ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগটির ওপরের অংশে তীব্র গন্ধযুক্ত শুঁটকি মাছ রাখা থাকলেও, ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা ইয়াবা পাচারের এই অভিনব কৌশল ব্যবহার করছে। আটক হযরত আলী দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে যশোরসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় আটক মাদক কারবারি হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।