ধ্রুব নিউজ
আটক আরিফুল ইসলাম ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক রাজনৈতিক কর্মী আরিফুল ইসলাম চৌগাছা উপজেলার গুয়াতলী গ্রামের মৃত মঈনুদ্দীন খানের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক আরিফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, আটক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে এলাকায় খুব বেশি দেখা যায়নি। হঠাৎ পুলিশি অভিযানে তাকে আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আটক আরিফুলসহ অন্যরা চৌগাছায় সরকারবিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন। পুলিশ সময়মতো অভিযান চালিয়ে তা ভেস্তে দেয় এবং এ সময় আরিফুলকে আটক করা হয়। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।