নিজস্ব প্রতিবেদক
শহরের বিভিণ্ন স্থান থেকে আটক ৫জন ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, নূরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্ঠীতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ও রাতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালিত হয়েছে বলে দাবি করে ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায়, শহরের গরীবশাহ সড়কে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে। বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম-এর নির্দেশে পুলিশের একাধিক টিম মাঠে নামে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বুধবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে।