নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুরে চাঁদা না দেওয়ায় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ছবি: ধ্রুব নিউজ
যশোর : যশোর শহরের শংকরপুরে চাঁদা না দেওয়ায় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ লাকী বেগম তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শংকরপুর বটতলা এলাকার বাসিন্দা লাকী বেগম তাঁর দুই মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই এলাকার খালেকের ছেলে আকাশ, সাদ্দামের ছেলে শান্ত এবং আলতুর ছেলে অনিক তাঁর ও তাঁর ভাড়াটিয়াদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা বিভিন্ন সময় লাকী বেগমকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।
মঙ্গলবার সন্ধ্যায় আকাশ, শান্ত ও অনিকের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে লাকী বেগমের বাড়িতে চড়াও হয়। দাবিকৃত চাঁদা না পাওয়ায় তারা লাকী বেগমকে মারপিট করে জখম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। হামলাকারীরা বাড়ির সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা আলমারিতে থাকা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিল, চেক বই, পাসপোর্ট এবং বাড়ির সামনে থাকা একটি অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল, টেলিভিশন ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস খান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।