নিজস্ব প্রতিবেদক
এই টলিতে মাটি বহণ করা হচ্ছিল ছবি: ধ্রুব নিউজ
যশোরের সদর উপজেলার সুতিঘাটা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে রাব্বানী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন এ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে সুতিঘাটা প্রাইমারি স্কুলের সামনে অবৈধভাবে মাটি ভর্তি ৬টি ট্রাক্টর সংযুক্ত ট্রলি আটক করে পুলিশ। বিষয়টি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনকে বিষয়টি জানান।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাড়ির মালিক রাব্বানীকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, মাটি কাটার গাড়িগুলো জব্দ করার পর প্রশাসনের হস্তক্ষেপে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।