নিজস্ব প্রতিবেদক
শিলি বেগমকে (৪০) ছবি: ধ্রুব নিউজ
যশোর যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ১৭টি মামলার আসামি শিলি বেগমকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকা থেকে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক শিলি বেগম ওই এলাকার সোহরাব হোসেন ওরফে ছোটর স্ত্রী। পুলিশ জানিয়েছে, এলাকায় তিনি ‘ইয়াবার ডিলার’ হিসেবেও পরিচিত।
ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, শিলি বেগম দীর্ঘদিন ধরে জনচক্ষুর আড়ালে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, শিলি বেগমের বিরুদ্ধে আগে থেকেই কোতোয়ালি থানায় ১৭টি মাদক মামলা রয়েছে। বুধবারের এই ঘটনার পর তার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।