বেনপোল প্রতিনিধি
ইয়াবাসহ কিশোর আটক ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ মার্চ) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন গোগা বিওপির একটি টহল দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি গোপন সংবাদ টহল দলের কাছে পৌঁছায়। তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় নজরদারি ও টহল জোরদার করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
আটক কিশোরের নাম মো. রানা হোসেন। সে শার্শা উপজেলার গোগা গ্রামের আবু সাঈদ মোড়লের ছেলে। সীমান্তে অল্প বয়সী কিশোরদের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার এই ঘটনা স্থানীয় সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
অভিযান পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আমাদের তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে নজরদারি ও এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।