নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরে কৃষি প্রযুক্তি মেলা ঘুরে দেখছেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক ছবি: ধ্রুব নিউজ
যশোরের মণিরামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬। এসেছে নতুন ভোর, নতুন দিনের আগমন—প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন—এই স্লোগানকে সামনে রেখে আধুনিক ও বিষমুক্ত চাষাবাদ পদ্ধতি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই আয়োজন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি তার বক্তব্যে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন। খাদ্যই হবে আমাদের প্রথম ওষুধ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ও প্রযুক্তিনির্ভর কৃষির কোনো বিকল্প নেই।’
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি দপ্তর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস জানান, প্রকল্পের মাধ্যমে কৃষকদের হাতে উন্নত জাতের বীজ, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছা. মাহমুদা আক্তার। তিনি জানান, মেলায় কেবল প্রদর্শনীই নয়, বরং কৃষকদের সরাসরি পরামর্শ দিতে প্রতিদিন উপস্থিত থাকছেন কৃষি বিশেষজ্ঞরা।
তিন দিনব্যাপী এই মেলায় সাজানো হয়েছে নানা বৈচিত্র্যময় স্টল। প্রদর্শিত হচ্ছে উন্নতজাতের ধান, গম, ভুট্টা ও বিভিন্ন মৌসুমি শাক-সবজি, সাশ্রয়ী সেচব্যবস্থা ও যান্ত্রিক চাষাবাদের যন্ত্রপাতি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিষমুক্ত জৈব সার উৎপাদন পদ্ধতি। এছাড়াও কৃষি বিষয়ক কুইজ, সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময় ও মুক্ত আলোচনা চলছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক এবং অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে পড়বে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।