নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা উপজেলার বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা শেষে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
বাড়ীয়ালী যুব পাঠাগারের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, "এমন নিভৃত পল্লীতে এত সুন্দর একটি পাঠাগার সত্যিই আমাকে বিমোহিত করেছে। বই মানুষের মনকে আলোকিত ও সমৃদ্ধ করে, আর গাছ জীবন বাঁচিয়ে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।" তিনি বাড়ীয়ালী যুব পাঠাগারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারাগাছগুলো যত্ন সহকারে লালন-পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন এবং চৌগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার। কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন শিক্ষার্থীদের চারা রোপণের সঠিক পদ্ধতি এবং ফলদ ও পরিবেশবান্ধব গাছের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক রানারের স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি উবাঈদুল হুসাইন আল্ সামি, দৈনিক আগামী সময়ের উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, সদস্য সাহাজুর রহমান, ইউসুফ আলী, আশিকুর রহমান এবং লাইব্রেরিয়ান হাবিবুর রহমান।
আলোচনা সভা শেষে বাড়ীয়ালী-হাউলি মাধ্যমিক বিদ্যালয় ও বাড়ীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথিরা। পাঠাগার কর্তৃপক্ষের এই পদক্ষেপে শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।