নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খোলাডাঙ্গা এলাকার রুবি খাতুনের বাড়িতে বোমা হামলা ও হত্যাচেষ্টার মামলায় বিএনপির আরবপুর ইউনিয়ন শাখার নেতা বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত শেষে আদালতে এই প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অমৃত দাস।
অভিযুক্ত অন্য আসামিরা হলেন, বিএনপির আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান (রড বাচ্চুর ছেলে), আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তর, হাসান কবির সাগর, মুজিত মিয়া, সেলিম বিশ্বাস কুটি, পারভেজ, সাব্বির হোসেন, রুবেল, জামাই জাফর, বিপ্লব হোসেন, রাকিব, আব্দুল আল মামুন, গান্ডু সুমন।
মামলার আরজি ও অভিযোগ সূত্র জানা যায়, বাদী রুবি খাতুনের স্বামী সলেমান গাজীর মৃত্যুর পর ওয়ারিশি জমি দখলমুক্ত করে দেওয়ার কথা বলে অভিযুক্ত রড বাচ্চু ২০২৫ সালের ১৪ আগস্ট ৪ লাখ টাকা নেন। পরবর্তীতে জমি উদ্ধার না হওয়ায় রুবি টাকা ফেরত চাইলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ১৫ জুন রাতে দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে রুবির বসতবাড়িতে হামলা চালায় আসামিরা।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত রড বাচ্চুর বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি এ মামলার সাক্ষ্যদাতা ইউনুস আলীর ছেলে অহিকে অপহরণ করে বিদ্যুতের শক দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের ভাতিজা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সাবেক আহ্বায়ক রাশেদ খানের প্রভাবে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।