Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে হিদিয়া গ্রামের রফিকুল মেম্বার হত্যাচেষ্টা মামলায় ৩ জনের কারাদণ্ড, খালাস ৪

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৬:১৭ পিএম
অভয়নগরে হিদিয়া গ্রামের রফিকুল মেম্বার হত্যাচেষ্টা মামলায় ৩ জনের কারাদণ্ড, খালাস ৪

সাজাপ্রাপ্ত তিনজন ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের রফিকুল ইসলাম মেম্বারকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হিদিয়া গ্রামের সোলেমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস, লুৎফর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস ও ইয়ামিন বিশ্বাস। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, পূর্ববিরোধের জেরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইছামতী বাজার থেকে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মেম্বারের ওপর হামলা চালানো হয়। ইছামতী ব্রিজ সংলগ্ন ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় রফিকুল ইসলামের ভাই আব্দুল গফুর মোল্লা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল মাহমুদ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নাসির বিশ্বাস ও হোসেন বিশ্বাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে আসামি ইয়ামিন বিশ্বাসের বিরুদ্ধে ৩২৫ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)