বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে ৭১ পিস ইয়াবাসহ দু’জন আটক, অভিযুক্ত পলাতক ছবি: বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হলেও মামলার প্রধান অভিযুক্ত ফিরোজ পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ মামুন শেখ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানার নারায়ণপুর কেলেরকান্দা গ্রামে ফিরোজের বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় বাড়ির শয়নকক্ষ থেকে সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫) নামে দুই নারীকে আটক করা হয়। নারী পুলিশের উপস্থিতিতে শালীনতা বজায় রেখে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে প্রধান অভিযুক্ত ফিরোজ কৌশলে পালিয়ে যান।
আটককৃত ব্যক্তিরা হলেন- দুইজনই বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের সালমা খাতুন (৩৮), স্বামী ফিরোজ এবং আমেনা খাতুন (৪৫), স্বামী শহিদ হোসেন।
এ ঘটনায় এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে রোববার (১৯ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক প্রধান অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।